মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

বরিশালে এসএসসি পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা, কারাগারে তরুণ

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ১৬:৩৫

ছবি: সংগৃহীত

বরিশালের উজিরপুর উপজেলায় চলমান এসএসসি পরীক্ষায় অন্যের হয়ে পরীক্ষা দিতে গিয়ে মো. তাফসির ইসলাম (১৯) নামে এক তরুণকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলার ধামুড়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের পরীক্ষাকক্ষে এ ঘটনা ঘটে। আটক তাফসির ইসলাম উপজেলার হস্তিশুন্ডু বামরাইল এলাকার লিয়াকত সিকদারের ছেলে।

কেন্দ্র সূত্রে জানা যায়, তাফসির ইসলাম অন্য এক পরীক্ষার্থীর পরিবর্তে পরীক্ষায় অংশ নেওয়ার চেষ্টা করছিলেন। দায়িত্বে থাকা কর্মকর্তাদের সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ ও যাচাই করা হয়। একপর্যায়ে তার পরিচয় ভুয়া প্রমাণিত হলে তাকে আটক করা হয়।

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহেশ্বর মন্ডল ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তিনি পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন অনুযায়ী তাফসির ইসলামকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মহেশ্বর মন্ডল বলেন, পাবলিক পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম বা জালিয়াতি বরদাশত করা হবে না। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top