সড়ক দুর্ঘটনায় ‘দ্য ভয়েস’খ্যাত তরুণ শিল্পী ডিলান কার্টার নিহত
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ১৮:০৭
মার্কিন রিয়েলিটি শো দ্য ভয়েস-এর ২৪তম সিজনের সাবেক প্রতিযোগী ও উদীয়মান সংগীতশিল্পী ডিলান কার্টার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গত ২৫ এপ্রিল যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনায় এ দুর্ঘটনা ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ২৪ বছর।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে ফক্স নিউজ জানিয়েছে, দক্ষিণ ক্যারোলিনার কোলেটন কাউন্টিতে গাড়ি দুর্ঘটনায় তার মৃত্যু হয়। দুর্ঘটনার সময় গাড়িতে একমাত্র আরোহী ছিলেন ডিলান।
দক্ষিণ ক্যারোলিনা হাইওয়ে পেট্রোলের কর্পোরাল নিক পাই জানান, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে গিয়ে একটি বৈদ্যুতিক খুঁটি ও দেয়ালে ধাক্কা খেয়ে উল্টে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় তদন্ত চলছে।
ডিলানের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তার নিজ শহর মঙ্কস কর্নারের মেয়র থমাস হ্যামিলটন জুনিয়র। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, ডিলান ছিলেন প্রতিভাবান ও অমায়িক একজন মানুষ, যিনি তার সংগীতের মাধ্যমে স্থানীয় সম্প্রদায়কে আনন্দ দিতেন।
২০২৩ সালে হুইটনি হিউস্টন-এর গান আই লুক টু ইউ কভার করে ‘দ্য ভয়েস’-এর ব্লাইন্ড অডিশনে প্রশংসা কুড়ান ডিলান। তার পরিবেশনা বিচারকদের মুগ্ধ করেছিল।
পরবর্তীতে ২০২৪ সালে তিনি ‘দ্য লোকাল ভয়েস’ নামের একটি অলাভজনক সংস্থা সহ-প্রতিষ্ঠা করেন, যা স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করা নারী ও অসচ্ছল পরিবারগুলোকে সহায়তা দিত। তহবিল সংগ্রহের জন্য নিয়মিত সংগীত পরিবেশন করতেন এই তরুণ শিল্পী।
ডিলান কার্টারের অকাল প্রয়াণে তার ভক্ত ও সংগীত অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।