মিসইনফরমেশন-ডিসইনফরমেশন এ সরকার সহ্য করবে না: জাহেদ উর রহমান

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ১৭:২৫

ছবি: সংগৃহীত

মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি অভিযোগ করেন, খাল খনন কর্মসূচির অগ্রগতি নিয়ে তার বক্তব্য একটি জাতীয় দৈনিকে ছবি-কার্ডের মাধ্যমে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি বলেন, একজন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানের দায়িত্ব ও অবস্থানের মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে। তিনি সাংবাদিকদের পেশাগত দায়িত্বশীলতার প্রতি গুরুত্বারোপ করে বলেন, সাংবাদিকতা যেন সঠিক মান বজায় রেখে পরিচালিত হয়।

তিনি আরও বলেন, সরকার গণমাধ্যমের সঙ্গে খোলামেলা তথ্য আদান-প্রদান করতে চায়। একই সঙ্গে সরকারের সমালোচনার সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তার ভাষায়, দেশের জটিল বাস্তবতায় সরকারের নানা সীমাবদ্ধতা থাকতে পারে এবং কিছু ক্ষেত্রে ব্যর্থতাও আসতে পারে।

জাহেদ উর রহমান জানান, ভুয়া তথ্যভিত্তিক ছবি-কার্ড বা উপস্থাপনা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না এবং এ বিষয়ে সরকার কঠোর অবস্থান নেবে।

ব্রিফিংয়ে তিনি জ্বালানি তেলের মজুত পরিস্থিতিও তুলে ধরেন। তিনি জানান, ২৭ এপ্রিল পর্যন্ত দেশে ডিজেল, অকটেন, পেট্রোল, ফার্নেস তেল ও জেট জ্বালানির উল্লেখযোগ্য মজুত রয়েছে। এছাড়া ৩০ এপ্রিলের মধ্যে আরও বড় পরিমাণ জ্বালানি দেশে আসবে বলেও জানান তিনি।

তিনি বলেন, জ্বালানি পাম্পগুলোতে আগের তুলনায় ভিড় কমে এসেছে। তবে অনেকেই আতঙ্কে ব্যক্তিগতভাবে জ্বালানি মজুত করছেন। বিশেষ করে মোটরসাইকেল চালক ও যাত্রী পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে এ প্রবণতা বেশি দেখা যাচ্ছে।

সরকার এ পরিস্থিতি বুঝতে পারছে উল্লেখ করে তিনি বলেন, যারা দৈনিক আয়ের ওপর নির্ভরশীল, তাদের উদ্বেগ স্বাভাবিক। তবে সাম্প্রতিক বিশৃঙ্খলার কারণে পরিস্থিতি কিছুটা জটিল হয়েছে বলে স্বীকার করেন তিনি।

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, দেশে উগ্রপন্থার অস্তিত্ব পুরোপুরি অস্বীকার করার সুযোগ নেই। তবে এ বিষয়টি অতিরঞ্জিত করাও ঠিক নয়। তিনি জানান, অতীতে এ ইস্যু রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়েছে, আবার একেবারে অস্বীকার করাও বাস্তবসম্মত নয়।

তিনি বলেন, সরকার এ ধরনের ঝুঁকি মোকাবিলায় কাজ করছে এবং জনগণকে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, সমস্যা স্বীকার করলেই কেবল তার সমাধান সম্ভব এবং সরকার উগ্রপন্থা নিয়ন্ত্রণে শূন্যের কোঠায় নামিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top