টেকনাফ সীমান্তে সিমেন্ট পাচারচক্রের মূলহোতা সহ ১৪ জন গ্রেপ্তার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ১৭:০৩
কক্সবাজারের টেকনাফ সীমান্ত উপকূলে অভিযান চালিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচারচক্রের মূলহোতা রোহিঙ্গা আজিম উল্লাহসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড। এ সময় একটি ট্রলার ও ৯০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের কেরুনতলী নাফ নদীর জেটি ঘাটে আয়োজিত এক যৌথ ব্রিফিংয়ে কোস্ট গার্ড টেকনাফ স্টেশনের কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেপ্তার আজিম উল্লাহ (৪০) উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মিয়ানমারে নিত্যপ্রয়োজনীয় পণ্য পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
তিনি আরও জানান, আজিম উল্লাহ মিয়ানমারে অবস্থানরত এক ব্যক্তির মাধ্যমে পণ্যের চাহিদা সংগ্রহ করতেন এবং চট্টগ্রাম, সন্দ্বীপ ও হাতিয়া এলাকার কিছু বোট মালিকের সহায়তায় এসব পণ্য পাচার করতেন। একইসঙ্গে তিনি মাদক ও বিদেশি সিগারেটসহ নিষিদ্ধ পণ্য দেশে আনার সঙ্গেও যুক্ত ছিলেন বলে জানা গেছে। তার ব্যবহৃত মোবাইল ফোন বিশ্লেষণে কোটি টাকার অবৈধ লেনদেনের প্রমাণ মিলেছে।
এর আগে সোমবার ভোরে সেন্টমার্টিনের উত্তর-পশ্চিম সংলগ্ন গভীর সমুদ্র এলাকায় একটি ফিশিং ট্রলারে অভিযান চালিয়ে ৯০০ বস্তা সিমেন্টসহ ১৩ জন পাচারকারীকে আটক করা হয়। পরে আটক মাঝি চাঁন মিয়ার তথ্যের ভিত্তিতে একইদিন বিকেলে র্যাব-১৫ (সিপিসি-২) এর সহায়তায় উখিয়ার বালুখালী এলাকা থেকে মূলহোতা আজিম উল্লাহকে গ্রেপ্তার করা হয়।
কোস্ট গার্ড জানিয়েছে, দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারির পর এই অভিযান পরিচালনা করা হয়। পাচারচক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
জব্দ করা সিমেন্ট, ট্রলার এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।