চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে ছেলেকে বাঁচিয়ে অলৌকিকভাবে বেঁচে গেলেন বাবা
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ২২:০০
ভৈরব রেলওয়ে স্টেশন এক মুহূর্তে সবকিছু যেন থমকে গিয়েছিল। চলন্ত ট্রেন, হুড়োহুড়ি করে নামার চেষ্টা, আর ঠিক তখনই ঘটে যায় ভয়াবহ ঘটনা। ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেন থেকে নামতে গিয়ে হাত ফসকে প্ল্যাটফর্ম আর ট্রেনের মাঝের ফাঁক দিয়ে নিচে পড়ে যায় এক বছরের শিশু। চোখের সামনে সন্তানের এমন বিপদ এক সেকেন্ডও দেরি করেননি বাবা। তিনিও ঝাঁপ দেন নিচে।
তারপর যা ঘটল, তা অনেকটা অবিশ্বাস্য। শিশুকে বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে প্ল্যাটফর্মের দেয়ালের সঙ্গে সেঁটে শুয়ে থাকেন তিনি। এদিকে একের পর এক বগি তাদের ওপর দিয়ে চলে যাচ্ছে। চারপাশের মানুষ নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে কেউ ভাবতেও পারেনি, কী হতে যাচ্ছে পরের মুহূর্তে।
কিন্তু অলৌকিকভাবে, আটটি বগি পেরিয়ে যাওয়ার পরও অক্ষত অবস্থায় উঠে আসেন বাবা ও ছেলে। উপস্থিত সবার চোখে তখন বিস্ময় আর স্বস্তি। এ সময় স্থানীয়রা শিশুটির মাকেও নিরাপদে ট্রেন থেকে নামিয়ে আনেন।
রেলওয়ে সূত্র বলছে, ট্রেনটি দেরিতে পৌঁছানোয় তাড়াহুড়ো করে নামতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। তবে বাবার তাৎক্ষণিক সিদ্ধান্তই শেষ পর্যন্ত বাঁচিয়ে দেয় সন্তানের জীবন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাইয়িদ আহম্মেদ, ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, এটি নিছক ভাগ্য নয়, অসীম সৃষ্টিকর্তার দয়া।
তবে একই দিনে ভৈরবের কালিকাপ্রসাদ এলাকায় আরেকটি দুর্ঘটনা ঘটেছে। এগারোসিন্ধুর এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে শাহিন মিয়া নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। তার একটি হাত ও একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।