মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

বিতর্কিত গানের জন্য ক্ষমা চাইলেন সঞ্জয় দত্ত

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ১৯:১৩

সংগৃহীত

বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত আবারও আলোচনায়, তবে এবার কোনো সিনেমার সাফল্যের জন্য নয়—বরং একটি গানের বিতর্ককে কেন্দ্র করে। ‘সরকে চুনর তেরি সরকে’ গানটির কথা ও দৃশ্যায়ন নিয়ে সমালোচনার মুখে পড়ে নারী কমিশনের সামনে হাজির হয়ে ক্ষমা চাইতে হয়েছে তাকে।

সোমবার (২৭ এপ্রিল) কমিশনের তলবে সশরীরে উপস্থিত হয়ে তিনি একটি লিখিত ক্ষমাপত্র জমা দেন। সেখানে তিনি উল্লেখ করেন, সমাজ বা কোনো ব্যক্তিকে আঘাত করার কোনো ইচ্ছাকৃত উদ্দেশ্য তার ছিল না।

গানটি আসন্ন কেডি: দ্য ডেভিল সিনেমার হিন্দি সংস্করণের অংশ। এতে অশালীন শব্দ ব্যবহারের অভিযোগ ওঠার পর বিষয়টি তদন্তে নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভুল স্বীকারের পাশাপাশি মানবিক উদ্যোগও নিয়েছেন সঞ্জয় দত্ত। তিনি ঘোষণা দিয়েছেন, নারী ক্ষমতায়ন ও সমাজকল্যাণের অংশ হিসেবে ৫০ জন আদিবাসী শিশুকন্যার শিক্ষার সম্পূর্ণ ব্যয়ভার বহন করবেন। পাশাপাশি ভবিষ্যতে সৃজনশীল কাজে নারী ও শিশুদের মর্যাদা রক্ষায় আরও সচেতন থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।

এ ঘটনায় সহ-অভিযুক্ত অভিনেত্রী নোরা ফতেহি এদিন উপস্থিত হতে পারেননি। দেশের বাইরে থাকায় তিনি পরবর্তী তারিখের জন্য আবেদন করেছেন।

এর আগে গত ৭ এপ্রিল মামলার প্রথম শুনানিতে পরিচালক প্রেম, গীতিকার রাকিব আলম এবং প্রযোজনা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা প্রথমে গানের নেতিবাচক দিকটি অনুধাবন করতে না পারার কথা বললেও কমিশন সেই যুক্তি গ্রহণ করেনি।

পরবর্তীতে নির্মাতারা লিখিতভাবে ক্ষমা চেয়ে স্বীকার করেন, গানটি সমাজে নেতিবাচক প্রভাব ফেলেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top