সংসদে নাহিদ ইসলামকে সরকারি দলের জন্মদিনের শুভেচ্ছা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৬, ২০:৩৬
জাতীয় সংসদে বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম-কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে সরকারি দল। মঙ্গলবার রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় বক্তব্য দিতে গিয়ে নিজের বয়স ও জন্মদিনের কথা উল্লেখ করেন তিনি। এ সময় ট্রেজারি বেঞ্চ থেকে টেবিল চাপড়ে তাকে শুভেচ্ছা জানান সরকারি দলের সংসদ সদস্যরা।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সরকারি দলের সদস্যরাও নাহিদ ইসলামকে জন্মদিনের অভিনন্দন জানিয়েছেন।
এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ-এর বক্তব্যে অন্তর্বর্তী সরকারের নবীনদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের প্রসঙ্গ উঠে এলে ক্ষোভ প্রকাশ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তার প্রমাণ দিতে হবে।
নাহিদ ইসলাম জানান, তিনি অল্প সময়ের জন্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন এবং নির্বাচনের আগেই পদত্যাগ করেছেন। “আমি কোথায় দুর্নীতি করেছি, তার প্রমাণ চাই,” বলেন তিনি।
তিনি আরও বলেন, “আজ আমার বয়স ২৮, আজই আমার জন্মদিন। আমি নবীন হলেও জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছি।”
পরে প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদ নেতা ও প্রধানমন্ত্রীসহ সরকারি দলের পক্ষ থেকে নাহিদ ইসলামকে শুভেচ্ছা জানান এবং তার দীর্ঘায়ু কামনা করেন।
সংসদে উত্তেজনাপূর্ণ আলোচনার মধ্যেই এই শুভেচ্ছা বিনিময় কিছুটা ভিন্ন আবহ তৈরি করে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।