স্বামীর পরকীয়ার জেরে পলাশে গৃহবধূর ঝুলন্ত মরদেহ, স্বামী আটক
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ মে ২০২৬, ১৫:৪৭
নরসিংদীর পলাশে জান্নাতুল নাঈম রুমি (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী কামাল উদ্দিনকে আটক করা হয়েছে। স্বামীর পরকীয়া সম্পর্ককে কেন্দ্র করে দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার (৪ মে) রাতে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার নতুনপাড়া মহল্লায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত রুমি ফেনীর দাগনভূঞা উপজেলার সেকান্দরপুর গ্রামের আব্দুর রহিমের মেয়ে। স্বামী কামাল উদ্দিনের সঙ্গে পলাশ উপজেলার জনতা জুট মিলে চাকরির সুবাদে নতুনপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন তিনি।
পুলিশ ও স্বজনদের তথ্যমতে, কামাল উদ্দিন দীর্ঘদিন ধরে পরকীয়ায় জড়িত ছিলেন। এ নিয়ে দাম্পত্য জীবনে প্রায়ই কলহ লেগেই থাকত। ঘটনার দিন দুপুরে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়, যা একপর্যায়ে মারধরে গড়ায়। পরে রাতে অভিমান করে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন রুমি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ ও স্বামীর পরকীয়া সম্পর্কের জেরে এ ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আটক স্বামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।