আজ জানা যাবে এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম
বানিজ্য ডেস্ক | প্রকাশিত: ২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪০
ফেব্রুয়ারি মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম বাড়ছে নাকি কমছে—সে বিষয়ে আজ সিদ্ধান্ত জানা যাবে। এক মাসের জন্য এলপিজির নতুন মূল্য ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
রোববার (১ ফেব্রুয়ারি) বিইআরসি প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরামকো ঘোষিত ফেব্রুয়ারি ২০২৬ মাসের সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) অনুযায়ী ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় করা হবে। এ সংক্রান্ত নির্দেশনা সোমবার বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
এর আগে গত ৪ জানুয়ারি সর্বশেষ এলপিজির দাম সমন্বয় করা হয়। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।
এদিকে, একই দিনে এলপিজির পাশাপাশি অটোগ্যাসের নতুন মূল্যও ঘোষণা করা হবে। গত ৪ জানুয়ারির সমন্বয়ে অটোগ্যাসের দাম প্রতি লিটারে ২ টাকা ৪৮ পয়সা বাড়িয়ে মূসকসহ ৫৯ টাকা ৮০ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
ভোক্তারা এখন অপেক্ষায় রয়েছেন—নতুন ঘোষণায় গ্যাসের দামে স্বস্তি মিলবে, নাকি আরও বাড়তি চাপ যোগ হবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।