সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

জাতীয় নির্বাচন

টাকার অপব্যবহার রোধে এমএফএস ও ইন্টারনেট ব্যাংকিংয়ে সাময়িক সীমা

বানিজ্য ডেস্ক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৫:২৮

টাকার অপব্যবহার রোধে এমএফএস ও ইন্টারনেট ব্যাংকিংয়ে সাময়িক সীমা।  ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনে অবৈধ অর্থ লেনদেন ও টাকার অপব্যবহার রোধে মোবাইল ব্যাংকিং সেবা (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিং সেবায় সাময়িক সীমাবদ্ধতা আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, রোববার (৮ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে আগামী ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট চার দিন বিভিন্ন ব্যাংক অ্যাপ ও ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তিতে (পি-টু-পি) টাকা পাঠানো বন্ধ থাকবে।

রোববার কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ থেকে জারি করা এক নির্দেশনায় জানানো হয়, আসন্ন নির্বাচনে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি)-এর আওতাধীন আইবিএফটি (IBFT) লেনদেনের অপব্যবহার রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, সোমবার (৯ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৯৬ ঘণ্টা এসব সেবায় নির্ধারিত সীমাবদ্ধতা কার্যকর থাকবে। এ সময়ে পি-টু-পি ইন্টারনেট ব্যাংকিং সেবা (আইবিএফটি’র মাধ্যমে) সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

পাশাপাশি, ভোট উপলক্ষে এমএফএস সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও দ্রুত নিষ্পত্তির জন্য প্রতিটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডারকে নিজস্ব কুইক রেসপন্স সেল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

এ সময় সব ধরনের লেনদেন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। কোনো সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেন শনাক্ত হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানায় অবহিত করতে বলা হয়েছে। একই সঙ্গে এমএফএস প্রোভাইডার ও ব্যাংকগুলোকে নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top