আবারও বাড়ল স্বর্ণের দাম, কত টাকায় বিক্রি হচ্ছে আজ?
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২ মার্চ ২০২৬, ১১:৩৫
দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। টানা ষষ্ঠ দফায় মূল্যবৃদ্ধির ফলে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ৫ হাজার ৪২৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
সোমবার (২ মার্চ) সকাল ১০টা ১৫ মিনিট থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। একই দিন বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য তদারকি বিষয়ক স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৬১ হাজার ৬৮২ টাকা। ১৮ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ২৪ হাজার ২৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরি নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৩ হাজার ৫৩৩ টাকা।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেট রুপার প্রতি ভরি ১৭৪ টাকা বাড়িয়ে ৭ হাজার ১৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ২১ ক্যারেট রুপার ভরি ৬ হাজার ৮৮১ টাকা, ১৮ ক্যারেট রুপার ভরি ৫ হাজার ৮৯০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ৪ হাজার ৪৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে রোববার (১ মার্চ) দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সেদিন ২২ ক্যারেট স্বর্ণের ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে মূল্য নির্ধারণ করা হয় ২ লাখ ৬৮ হাজার ৬৮০ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৩৫ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৩ দফা বাড়ানো হয়েছে এবং ১২ দফা কমানো হয়েছে। আর ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়; যার মধ্যে ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।