প্রেম কিংবা বিরহের গল্পে অভ্যস্ত দর্শকদের জন্য এবার আসছে একেবারেই ভিন্ন স্বাদের আয়োজন। নারী কেন্দ্রিক গ্যাংস্টার ঘরানার সাসপেন্স থ্রিলার নাটক ‘গোলাপী’ নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।
নাম থেকেই অনুমেয়, নাটকের কেন্দ্রীয় চরিত্র ‘গোলাপী’। এই দুর্ধর্ষ চরিত্রে অভিনয় করেছেন তানজিন তিশা, যাকে একাধারে দুটি ভিন্ন রূপে দেখা যাবে। নির্মাতা সূত্রে জানা গেছে, চরিত্রটি যেমন রহস্যময়, তেমনি মানসিক ও শারীরিকভাবে চ্যালেঞ্জিং।
নাটকে নায়ক কিংবা ভিলেন—দু’ধরনের আবহে দেখা যাবে তৌসিফ মাহবুব-কে। চিত্রনাট্য লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন এবং নির্মাণ করেছেন হিট নির্মাতা রুবেল হাসান। সিনেমাটোগ্রাফিতে রয়েছেন রাজু রাজ।
নির্মাতা রুবেল হাসানের ভাষ্য, এই নাটকে বস্তির জীবনচিত্র যেমন উঠে এসেছে, তেমনি পকেটমার চক্র থেকে গ্যাংস্টারদের অভ্যন্তরীণ রাজনীতি এবং পুলিশি চমকও থাকছে। এটি মূলত একটি অ্যাকশন থ্রিলার, যেখানে রোমান্সও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, ‘গোলাপী’ চরিত্রটি যেকোনো অভিনেত্রীর জন্য বড় চ্যালেঞ্জ ছিল। তবে তানজিন তিশা শতভাগ সফলভাবে চরিত্রটি ফুটিয়ে তুলেছেন বলে তিনি আশাবাদী।
প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, নাটকটি সিনেমার আদলে নির্মিত হয়েছে। দর্শকরা এটি দেখে বড় পর্দার অনুভূতি পাবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।
সদ্য শুটিং শেষ হওয়া ‘গোলাপী’ বর্তমানে সম্পাদনার টেবিলে রয়েছে। আসন্ন ঈদ উৎসবে একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত এই নাটকটি।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।