মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১১৪ অবৈধ অভিবাসী আটক
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ১৫:৪৩
মালয়েশিয়ার কেলান্তান রাজ্যের কুয়ালা ক্রাই জেলার দাবং এলাকার একটি হাইড্রোপাওয়ার প্রকল্পে অভিযান চালিয়ে ১১৪ জন অবৈধ প্রবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
সোমবার পরিচালিত এই সমন্বিত অভিযানে জেআইএম কেলান্তান শাখার নেতৃত্বে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন। বৃহস্পতিবার জেআইএম কেলান্তানের উপ-পরিচালক নিক আখতারুলহাক নিক আবদুল রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, প্রকল্প এলাকায় থাকা ৩৬৯ জন বিদেশিকে তল্লাশি করে তাদের মধ্য থেকে ১১৪ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার, ইন্দোনেশিয়া ও চীনের নাগরিকরা রয়েছেন।
বিকেল ৫টা থেকে শুরু হওয়া এই অভিযান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত হয় বলে জানান তিনি। প্রাথমিক তদন্তে ওই এলাকায় অনেক বিদেশির বৈধ ভ্রমণ ও কাজের অনুমতি না থাকার সন্দেহ পাওয়া যায়।
অভিযানে জেআইএম কেলান্তানের ৬৫ জন কর্মকর্তা ছাড়াও বিভিন্ন সংস্থার ৫৬ জন সদস্য অংশ নেন। এতে সহযোগিতা করে কুয়ালা ক্রাই জেলা পুলিশ, শ্রম বিভাগ, পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগ এবং জাতীয় নিবন্ধন বিভাগ।
আটকদের পরবর্তী তদন্তের জন্য কেলান্তান ইমিগ্রেশন কমপ্লেক্সে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার ইমিগ্রেশন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা হতে পারে।
এছাড়া কর্তৃপক্ষ জানায়, অবৈধ অভিবাসীদের আশ্রয় বা সহায়তা প্রদানকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে সাধারণ জনগণকে এ ধরনের অবৈধ কার্যক্রম সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।