ইকরার মৃত্যুতে তমা মির্জার খোলাচিঠি
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২ মার্চ ২০২৬, ১৫:০৪
ছোটপর্দার নিয়মিত মুখ অভিনেতা জাহের আলভী–এর স্ত্রী আফরা ইবনাত ইকরা শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় আত্মহত্যা করেন। এদিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন আলভী।
ইকরার মৃত্যুর খবর সামনে আসার পর শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। খবরটি প্রকাশের পর থেকেই নেটিজেনরা সামাজিক মাধ্যমে শোকপ্রকাশ করছেন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ইকরাকে উদ্দেশ্য করে ফেসবুকে একটি খোলাচিঠি লিখেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা।
দাম্পত্য জীবনে তারকা খ্যাতির আড়ালে ভালোবাসা না অবহেলা—কেন এমন জীবন বেছে নিলেন জাহের আলভীর স্ত্রী, সেই প্রশ্ন তুলেছেন তমা। তিনি লিখেছেন, ‘একটা মেয়ে যখন কাউকে ভালোবাসে, সে তার ভালোবাসার মানুষটার শূন্য পকেট হলেও তাকে ভালোবাসে। তার পাশে থাকে, সাহস জোগায়, জীবনে অনেক দূর এগিয়ে যেতে উৎসাহ দেয়, পুরো পৃথিবীর সঙ্গে যুদ্ধ করে; কিন্তু ভালোবাসার মানুষটার হাত ছাড়ে না।’
তবে সেই মানুষটি জীবনে সফলতা পেলে সবার আগে ভালোবাসার মানুষটিকেই অবহেলা করে—এমন মন্তব্যও করেন এই অভিনেত্রী। তমা লেখেন, ‘আর সেই মানুষটা যখনই জীবনে সফলতা পায়, পূর্ণতা পায়, প্রতিষ্ঠিত হয়, সবার প্রথম ওই মেয়েটাকেই ঠকায়, প্রতারণা করে, অবহেলা করে, কষ্ট দেয়, তুচ্ছ-তাচ্ছিল্য করে, প্রতিনিয়ত মানসিক যন্ত্রণা দেয়।’
তিনি আরও লেখেন, ‘একটা মেয়ে সব মেনে নিতে পারে, সহ্য করতে পারে; কিন্তু তার ভালোবাসার মানুষের এই বদলে যাওয়া চেহারা মানতে পারে না। তখন জীবনটা অর্থহীন হয়ে যায়, নিজের কাছে, জীবনের কাছে সে হেরে যায়। সবকিছু থেকে নিজেকে মুক্ত করে ওই মানুষটাকে মুক্তি দিয়ে সবার থেকে দূরে চলে যায়।’
সবশেষে তমা বলেন, ‘যদিও এই চলে যাওয়াতে ওই মানুষটার জীবন থেমে থাকে না, কোনো উপলব্ধি হয় কিনা তাও আমার জানা নেই। শুধু এটুকু বলতে পারি, মেয়েটা বেঁচে থেকে যে যন্ত্রণা বয়ে বেড়াচ্ছিল, হয়তো তার থেকে একটু কম যন্ত্রণার জায়গা সে খুঁজে নিয়েছে।’
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।