আরিফিন শুভর ‘জ্যাজ সিটি’-র প্রশংসায় ভারতীয় গণমাধ্যম
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২ এপ্রিল ২০২৬, ১৬:১৬
বাংলাদেশি অভিনেতা আরিফিন শুভ আন্তর্জাতিক পরিসরে নিজেকে প্রতিষ্ঠিত করতে শুরু করেছেন। তার প্রথম বলিউড সিরিজ ‘জ্যাজ সিটি’, যা ১৯ মার্চ সনি লিভ-এ মুক্তি পেয়েছে, ভারতের শীর্ষ গণমাধ্যমগুলোতে প্রশংসিত হয়েছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক হলিউড রিপোর্টার ও ভারতের টাইমস অব ইন্ডিয়া উল্লেখ করেছে, সিরিজের সবচেয়ে শক্তিশালী দিক হলো আরিফিন শুভর অভিনয়। স্ক্রল, মানিকন্ট্রোল, এম৯ নিউজ, নিউজবাইটস, লেটেস্টলি, বাপ অব মুভিজ ও আমার উজালা—প্রায় সব বড় প্ল্যাটফর্মই তার পারফরম্যান্সকে স্ট্যান্ডআউট লিড ও চরিত্রে স্বাচ্ছন্দ্যপূর্ণ উপস্থিতি হিসেবে উল্লেখ করেছে।
‘জ্যাজ সিটি’ মোট ১০ পর্বের, প্রায় ৮ ঘণ্টার সিরিজ। পুরো গল্প আবর্তিত হয়েছে জিমি রয় চরিত্রকে কেন্দ্র করে, যা আরিফিন শুভ অভিনয় করেছেন চারটি ভাষায়—বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি। হিন্দি ও ইংরেজি ছাড়াও, বাংলা ভাষায় এটি প্ল্যাটফর্মের প্রথম সিরিজ।
সিরিজ পরিচালনা করেছেন সৌমিক সেন, যিনি এর আগে ‘জুবিলি’ সিরিজের সহ-স্রষ্টা হিসেবে পরিচিত। আরিফিন শুভর বিপরীতে আছেন সৌরসেনী মিত্র, এবং অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শান্তনু ঘটক, অনিরুদ্ধ গুপ্ত, সায়নদীপ সেন, শ্রেয়া ভট্টাচার্য, অ্যালেক্সান্দ্রা টেলর ও অমিত সাহা।
মুক্তির পর সিরিজটি ট্রেন্ডিং-এর শীর্ষে ওঠে, এবং আরিফিন শুভর অভিনয় ধারাবাহিকভাবে ভারতের দর্শকদের নজর কাড়ছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।