শিল্পী সমিতির নির্বাচনে লড়বেন চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২৬, ১৪:৪০
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বর্তমান কার্যনির্বাহী পরিষদের সদস্য ও ‘চাঁদের আলো’ খ্যাত জনপ্রিয় চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি।
তিনি জানিয়েছেন, জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী মা আনোয়ারা বেগম-এর ইচ্ছা এবং শিল্পীদের অনুরোধেই তিনি এই পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন।
নায়িকা মুক্তি বলেন, তার মা চাইতেন তিনি শিল্পীদের নেতৃত্বে ভূমিকা রাখুন এবং সমিতির কার্যক্রম আরও শক্তিশালী হোক। সেই স্বপ্ন পূরণ করতেই তিনি সাধারণ সম্পাদক পদে নির্বাচন করছেন। একই সঙ্গে তিনি সমিতির সদস্যদের আরও সক্রিয় করতে চান বলেও জানান।
তিনি আরও বলেন, বর্তমান কমিটির সঙ্গে কাজ করে গত দেড় বছরে ঈদ উপহার বিতরণ, বিভিন্ন অনুষ্ঠান আয়োজনসহ নানা কার্যক্রম করা হয়েছে। বিশেষ করে প্রয়াত শিল্পীদের স্মরণে প্রথমবারের মতো বড় পরিসরে ‘স্মৃতির আয়নায় কিংবদন্তির দৃশ্য’ শীর্ষক স্মরণসভা আয়োজনকে তিনি উল্লেখযোগ্য অর্জন হিসেবে তুলে ধরেন।
এই আয়োজনে দেশ-বিদেশ থেকে শিল্পীদের অংশগ্রহণের কথাও উল্লেখ করেন তিনি, যেখানে নবীন-প্রবীণ অনেক তারকা স্বতঃস্ফূর্তভাবে যুক্ত হয়েছিলেন। ভবিষ্যতে এই স্মরণসভা নিয়মিত করার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, গঠনতন্ত্র অনুযায়ী আগামী জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি-এর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।