শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩

সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন নিলেন অভিনেত্রী চমক

চিত্তবিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ১৭:০৫

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তারকাদের আগ্রহ ক্রমেই বাড়ছে। কনকচাঁপা ও বেবী নাজনীনসহ কয়েকজন পরিচিত মুখের পর এবার সেই তালিকায় যুক্ত হলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক।

কুষ্টিয়া থেকে বিএনপির দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন তিনি। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেওয়ার পর নিজেই এ তথ্য নিশ্চিত করেন চমক।

সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সাক্ষাৎকার কার্যক্রম ইতোমধ্যে শুরু করেছে দলটি। শুক্রবার বিকেলে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেন দলের মনোনয়ন বোর্ডের সদস্যরা। সাক্ষাৎকার শেষে উচ্ছ্বসিত চমককে দেখা যায়।

চমক বলেন, দেশের জন্য কাজ করার ইচ্ছা থেকেই রাজনীতিতে আসা। বিশেষ করে নারীদের উন্নয়নে কাজ করতে চান তিনি। এজন্য একটি কার্যকর মঞ্চ প্রয়োজন ছিল বলে জানান এই অভিনেত্রী। তার ভাষ্য, বিএনপির সঙ্গে যুক্ত হলে নিজের পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে বলে তিনি মনে করেন। দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনাও ইতিবাচক হয়েছে বলে জানান তিনি। মনোনয়ন পাওয়ার বিষয়ে তিনি শতভাগ আশাবাদী বলেও উল্লেখ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় চমক লিখেছেন, নতুন পথচলা শুরু করেছেন তিনি এবং সবার দোয়া কামনা করেছেন।

এখন প্রশ্ন উঠেছে, বিএনপি থেকে সংসদ সদস্য হওয়ার পথে কি এগিয়ে গেলেন এই অভিনেত্রী? এর উত্তর জানতে অপেক্ষা করতে হবে দলীয় চূড়ান্ত সিদ্ধান্ত পর্যন্ত।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে আলোচিত মুখ রুকাইয়া জাহান চমক। অভিনয় জীবনে ধারাবাহিক সাফল্যের পাশাপাশি বিভিন্ন সামাজিক ইস্যুতেও সরব ছিলেন তিনি। বিশেষ করে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ছাত্রজনতার পক্ষে অবস্থান নেওয়া তারকাদের মধ্যে অন্যতম ছিলেন এই অভিনেত্রী।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top