হাতের টানেই উঠে যাচ্ছে নতুন সড়কের কার্পেট, তদন্তে কমিটি গঠন
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬, ১৬:৪৯
হাত দিয়ে টান দিতেই উঠে যাচ্ছে সদ্য নির্মিত সড়কের কার্পেটিং এমন অভিযোগ ঘিরে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। কোটি টাকার সড়ক উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ ওঠায় তদন্তে এক সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
তদন্ত কমিটিতে দায়িত্ব পেয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ময়মনসিংহ অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাঈমা নাজনীন নাজ। শনিবার তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সড়কের অনিয়ম নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরই নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। পরে বিষয়টি তদন্তের উদ্যোগ নেওয়া হয়।
খোঁজ নিয়ে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে দুর্গাপুর ইউনিয়নের চারিয়া থেকে মাকড়াইল বাজার পর্যন্ত প্রায় এক হাজার ৭০ মিটার সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রকল্পটির ব্যয় ধরা হয় এক কোটি ৩৮ লাখ ৫ হাজার টাকা। ২০২৫ সালের আগস্টে কাজ শুরু হয়।
প্রাথমিক কাজ শেষে প্রায় দুই সপ্তাহ আগে কার্পেটিং শুরু হলেও প্রায় ২০০ মিটার কাজের পরই সামনে আসে নানা অনিয়মের অভিযোগ। জানা গেছে, ইতোমধ্যে প্রকল্প থেকে প্রায় ৮১ লাখ টাকা উত্তোলন করা হয়েছে।
সরকারি কাগজে ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম থাকলেও মাঠপর্যায়ে কাজ করছেন অন্য এক ব্যক্তি—এমন তথ্যও পাওয়া গেছে। তবে সংশ্লিষ্ট ব্যক্তি অনিয়মের অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, কাজ ভালো মানেই করা হয়েছে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছে এবং প্রয়োজনীয় বিটুমিন প্রয়োগ করা হয়নি। ফলে নতুন কার্পেটিং হাতের টানেই উঠে যাচ্ছে। তারা দ্রুত অনিয়মের অংশ অপসারণ করে নতুন করে মানসম্মত কাজ করার দাবি জানিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা জানিয়েছেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তদন্ত কর্মকর্তা নাঈমা নাজনীন নাজও বিষয়টি নিশ্চিত করেছেন। তবে সরেজমিন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।