সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

পেঁয়াজু-মুড়িতে মাস্টারশেফ ইউকে-তে বাজিমাত বাংলাদেশি বংশোদ্ভূত সাবিনার

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ১২:৫৫

সংগৃহীত

লন্ডনে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত সাবিনা খান জনপ্রিয় রিয়েলিটি শো ‘মাস্টারশেফ ইউকে’-তে তার রান্নার দক্ষতায় নজর কাড়ছেন। ঐতিহ্যবাহী বাংলাদেশি নাস্তা পেঁয়াজু ও মুড়ি পরিবেশন করে তিনি বিচারকদের কাছ থেকে পেয়েছেন দারুণ প্রশংসা, যা তাকে প্রতিযোগিতার ২২তম আসরের কোয়ার্টার ফাইনালে পৌঁছে দিয়েছে।

তার পরিবেশিত পেঁয়াজু ও মুড়ির স্বাদ বিচারকদের এতটাই মুগ্ধ করে যে তারা পেঁয়াজুর নতুন নাম দেন “বুলেটস অফ জয়”।

সাবিনা লন্ডনে একটি প্রতিষ্ঠানে পরিবেশ বিষয়ে কাজ করেন। তিনি জানান, রান্নার প্রতি তার ভালোবাসা শৈশবে ঢাকার গুলশানে বেড়ে ওঠা এবং পারিবারিক ঐতিহ্য থেকে অনুপ্রাণিত। বর্তমানে তিনি স্বামী আসিফ ও দুই সন্তানকে নিয়ে গ্রেটার লন্ডনে বসবাস করছেন।

‘মাস্টারশেফ ইউকে’র ২২তম আসর সম্প্রচারিত হচ্ছে বিবিসি ওয়ান ও আইপ্লেয়ার-এ। এবারের প্রতিযোগিতায় বিভিন্ন পেশার প্রতিযোগীরা অংশ নিয়েছেন, যার মধ্যে আইটি শিক্ষক, নির্মাণ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এবং আর্থিক উপদেষ্টাও রয়েছেন।

সাবিনা নিজের রান্নাঘরকে “স্বাদের পরীক্ষাগার” হিসেবে অভিহিত করেন। তার মতে, রান্না হচ্ছে বিভিন্ন সংস্কৃতির স্বাদ ও ঐতিহ্যের সংমিশ্রণ, যেখানে প্রতিটি পদ তার নিজস্ব পরিচয় ধরে রাখে। বাংলাদেশি ও পাকিস্তানি রন্ধন ঐতিহ্যের সমন্বয়ে তিনি নতুন নতুন খাবার তৈরি করে থাকেন।

তার এই সাফল্য প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গর্বের অনুভূতি তৈরি করেছে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশি খাবারের জনপ্রিয়তা আরও বাড়িয়ে তুলছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top