সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

কাস্টমস কর্মকর্তা হত্যা: বাবা হারানো শোকে কাটছে ছেলের প্রথম জন্মদিন

সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ১৪:৪১

ছবি: সংগৃহীত

বাবা হারানোর গভীর শোক আর নির্মম বাস্তবতার মধ্য দিয়ে কাটছে এক শিশুর প্রথম জন্মদিন। কুমিল্লায় নিহত রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগীর নিথর মরদেহ গতকাল পৌঁছেছে বাড়িতে, আর আজ তার একমাত্র সন্তানের জন্মদিন।

নিহতের স্ত্রী উর্মী হীরা এখনো বিশ্বাস করতে পারছেন না, তার স্বামী আর নেই। মাত্র চার দিন আগেই তারা পালন করেছিলেন বিবাহবার্ষিকী। আনন্দের সেই মুহূর্তের পরপরই নেমে আসে শোকের ছায়া।

শনিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ী এলাকায় একটি আবাসিক প্রতিষ্ঠানের পাশ থেকে বুলেট বৈরাগীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। স্বজনেরা মরদেহ নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গ্রামের বাড়িতে পৌঁছালে কান্নায় ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ।

বিকেলে মরদেহ বাড়িতে পৌঁছানোর পর স্বজনদের আহাজারিতে শোকের মাতম নেমে আসে। রাতেই সব আনুষ্ঠানিকতা শেষে বাড়ির পাশেই তাকে দাফন করা হয়।

আজ সকালে বাড়িতে গিয়ে দেখা যায়, শোকে কাতর স্ত্রী উর্মী হীরা বারবার মূর্ছা যাচ্ছেন। আর এক বছর বয়সী শিশু অব্বয় বাবার কবরের দিকে নির্বাক তাকিয়ে আছে।

এদিকে সন্তান হারিয়ে পাগলপ্রায় হয়ে পড়েছেন বুলেটের বাবা-মা। তাদের আহাজারিতে আশপাশের পরিবেশ ভারী হয়ে উঠেছে।

নিহতের শাশুড়ি মমতা হীরা বলেন, “আজ আমার নাতির জন্মদিন। কে জানত, তার প্রথম জন্মদিন বাবার দাফনের মধ্য দিয়ে কাটবে! চার বছরের সংসার ছিল আমার মেয়ের, সে আজ অকালে বিধবা। এটি কোনো দুর্ঘটনা নয়, এটি পরিকল্পিত হত্যা। আমরা এর বিচার চাই।”

স্ত্রী উর্মী হীরা বলেন, “আমাদের ছেলের জন্মদিন উপলক্ষে দুই দিন আগে সে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিল। শেষবার কথা হয়েছিল, বলেছিল রওনা হয়েছে। কিন্তু আর ফিরে এল না।” তিনি হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।

বুলেট বৈরাগী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ডুমুরিয়া উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি রাজস্ব বিভাগে চাকরি করতেন এবং সর্বশেষ কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে কর্মরত ছিলেন। চাকরির কারণে কুমিল্লা শহরে ভাড়া বাসায় থাকতেন।

ঘটনার আগে তিনি প্রশিক্ষণের জন্য চট্টগ্রামে যান। প্রশিক্ষণ শেষে শুক্রবার রাতে কুমিল্লায় ফিরছিলেন। পথিমধ্যে পরিবারের সঙ্গে শেষবার কথা বলার পর তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন সকালে মহাসড়কের পাশে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top