‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে আবারও পর্দায় ফিরেছে মৌসুমি

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩ মে ২০২৬, ১৫:০১

সংগৃহীত

দীর্ঘ প্রায় দুই বছরের বিরতির পর আবারও বড় পর্দায় ফিরছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমি। আগামী ১৫ মে দেশজুড়ে মুক্তি পাচ্ছে তাঁর নতুন সিনেমা ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’, যা নিয়ে ইতোমধ্যে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করলেও চলচ্চিত্রের প্রতি আগ্রহ থেকে আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। সিনেমাটি পরিচালনা করেছেন হাসান জাহাঙ্গীর। সেন্সর বোর্ড থেকে ইতোমধ্যে এটি ছাড়পত্র পেয়েছে।

সিনেমার গল্প আবর্তিত হয়েছে প্রবাস জীবনের বাস্তবতা, নারীর সংগ্রাম এবং টিকে থাকার লড়াইকে কেন্দ্র করে। পরিচালক জানান, বিদেশে জীবিকা ও অবস্থান টিকিয়ে রাখতে অনেক প্রবাসীকেই কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়। সেই প্রেক্ষাপটেই একজন বিবাহিত নারীর জীবনসংগ্রাম এবং বিশেষ পরিস্থিতিতে নেওয়া সিদ্ধান্ত গল্পের মূল বিষয়।

চিত্রনাট্যে দেখানো হয়েছে—বাংলাদেশে স্বামী থাকা সত্ত্বেও প্রবাস জীবনের চাপে একজন নারীকে নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে হয়, যেখানে ব্যক্তিগত সম্পর্ক, মর্যাদা ও অস্তিত্বের প্রশ্ন জড়িয়ে যায়।

সিনেমাটির চিত্রায়ন হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র—দুই দেশেই। প্রায় ৮০ শতাংশ শুটিং যুক্তরাষ্ট্রে সম্পন্ন হয়েছে, বাকি অংশের কাজ হয়েছে বাংলাদেশে।

উল্লেখ্য, বড় পর্দায় মৌসুমীকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘সোনার চর’ সিনেমায়। প্রায় দুই বছর পর নতুন এই চলচ্চিত্র দিয়ে তাঁর প্রত্যাবর্তন দর্শকদের কেমনভাবে গ্রহণ করবে, তা এখন মুক্তির পরই স্পষ্ট হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top