রবিবার, ৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

নিরাপত্তা নিশ্চিত হলে পরশুই দেশে ফিরতে চান সাকিব

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩ মে ২০২৬, ১৬:০৪

ছবি: সংগৃহীত

দেশের নিরাপত্তা ও স্বাভাবিক আইনি সুরক্ষার নিশ্চয়তা পেলে অবিলম্বে দেশে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন জাতীয় ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।

ভারতের মুম্বাই থেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো তিনি আইনিভাবে মোকাবিলা করতে প্রস্তুত। তবে দেশে ফিরে যেন কোনো ধরনের হয়রানির শিকার না হতে হয়—এমন নিশ্চয়তা তিনি চান।

সাকিব বলেন, তাকে বিশেষ কোনো নিরাপত্তা বা অতিরিক্ত সুবিধা দিতে হবে না। কেবল স্বাভাবিক নিরাপত্তা ও আইনি প্রক্রিয়া চলাকালে হয়রানি না করার নিশ্চয়তা পেলেই তিনি পরশুর মধ্যেই দেশে ফিরবেন।

তিনি আরও জানান, ব্যাংক হিসাব জব্দ থাকায় কিছু আর্থিক বিষয় নিষ্পত্তি করতে সমস্যা হচ্ছে। দীর্ঘ সময় তদন্ত চললেও তার বিরুদ্ধে এখনো কোনো অনিয়ম প্রমাণ হয়নি বলেও দাবি করেন তিনি।

২০২৪ সালে দেশে ফেরার একটি অভিজ্ঞতার কথা তুলে ধরে সাকিব বলেন, তখন সবকিছু ঠিক আছে জেনেই তিনি ফিরতে চেয়েছিলেন। কিন্তু পরে পরিস্থিতি পরিবর্তন হওয়ায় তাকে ফিরে যেতে হয়েছিল।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না করা প্রসঙ্গে তিনি এটিকে বড় সিদ্ধান্তগত ভুল বলে মন্তব্য করেন। পাশাপাশি বিভিন্ন ক্রিকেটীয় ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক প্রভাব থাকার অভিযোগও তোলেন তিনি।

গত জুলাইয়ের আন্দোলনকালীন সময়ে নিজের নীরবতা নিয়ে সাকিব বলেন, তখন তিনি দেশের বাইরে ছিলেন এবং পরিস্থিতির গভীরতা পুরোপুরি বুঝতে পারেননি। পরে ঘটনাগুলো জানতে পেরে তিনি নিহতদের প্রতি সমবেদনা জানান।

রাজনৈতিক অবস্থান নিয়ে তিনি বলেন, যে দলের সঙ্গে যুক্ত হয়েছেন, সেই অবস্থানেই তিনি আছেন এবং নিজের অবস্থান পরিবর্তন করার কোনো ইচ্ছা নেই। তিনি আরও বলেন, দেশে ফিরতে না পারার বিষয়টিকে তিনি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হিসেবে দেখছেন।

তথ্যসূত্র অনুযায়ী, সাক্ষাৎকারটি ভারতের একটি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top