‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন–৫ এ যুক্ত হলেন নেপালি অভিনেত্রী
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ১৪:০৭
জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত বহুল আলোচিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজনের শুটিং এবার প্রথমবারের মতো দেশের বাইরে নেপালে চলছে। নেপালের মনোরম বিভিন্ন লোকেশনে ইতোমধ্যেই নতুন সিজনের দৃশ্যধারণ শুরু হয়েছে।
শুটিংয়ে অংশ নিয়েছেন সিরিজের পরিচিত চরিত্র কাবিলা, নেহাল, পাশা, হাবু এবং আরেফিনসহ নিয়মিত অভিনয়শিল্পীরা।
এই সিজনের অন্যতম আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছেন নেপালের অভিনেত্রী রাজেশ্রী থাপা। তার উপস্থিতি ঘিরে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। পরিচালক অমি নিজের ফেসবুক পোস্টে তার ছবি শেয়ার করে দর্শকদের উদ্দেশে প্রশ্ন রাখেন, “চরিত্রটি কে হতে পারে অনুমান করুন”—এরপরই সামাজিক মাধ্যমে শুরু হয় নানা জল্পনা-কল্পনা।
কমেন্ট বক্সে ভক্তরা মজার মজার অনুমান করেন—কেউ বলেন “মতবলের নেপালি বউ”, কেউ মনে করেন “হাবুর প্রেমিকা”, আবার কেউ লেখেন “বাচ্চু স্যারের ফরেনার পিএস”। কেউ আবার মজার ছলে তাকে “আন্ডারওয়ার্ল্ডের আসল মালিক” বলেও মন্তব্য করেন।
পরবর্তীতে পরিচালক অমি নিশ্চিত করেন, রাজেশ্রী থাপা একজন নেপালি অভিনেত্রী এবং সিরিজের ‘চ্যাপ্টার ১২’-এ একটি বিশেষ চরিত্রে তাকে দেখা যাবে। নির্মাতার ভাষায়, এটি নতুন সিজনের অন্যতম বড় চমক।
এদিকে ধারাবাহিকটি প্রচারিত হচ্ছে চ্যানেল আই, বুম ফিল্ম এবং বঙ্গ প্ল্যাটফর্মে। দর্শকপ্রিয়তার ধারাবাহিকতায় অনলাইন ও টেলিভিশন—দুই মাধ্যমেই সিরিজটি নিয়মিত আলোচনায় রয়েছে।
নতুন সিজনে আগের জনপ্রিয় মুখদের পাশাপাশি ফিরেছেন শামীম হাসান সরকার। এছাড়াও অভিনয় করছেন পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, তৌসিফ মাহবুব, পাভেল, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, ইশতিয়াক রোমেল, স্পর্শিয়া ও জায়েফসহ আরও অনেকে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।