মার্চে বাড়বে গরম, থাকতে পারে একাধিক তাপপ্রবাহ ও কালবৈশাখী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২ মার্চ ২০২৬, ১১:২৫
চলতি মার্চ মাসে দেশে এক থেকে দুইটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে রয়েছে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা। মাসজুড়ে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
রোববার (১ মার্চ) মাসব্যাপী পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মার্চে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। তবে বঙ্গোপসাগর-এ এ মাসে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা নেই।
পূর্বাভাস অনুযায়ী, মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে এক থেকে দুইটি মৃদু (৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।
এছাড়া চলতি মাসে দুই থেকে তিন দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং এক থেকে দুই দিন তীব্র কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে।
অন্যদিকে, দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক পানিপ্রবাহ বজায় থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।