তনু হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তাকে আদালতে তলব
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬, ১৫:১৬
দীর্ঘ এক দশকেও বিচার না পাওয়ায় নতুন করে আশা দেখছে সোহাগী জাহান তনুর পরিবার। মামলার তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় কুমিল্লার আদালত সোমবার (৬ এপ্রিল) পিবিআই-ঢাকার পরিদর্শক মো. তরিকুল ইসলামকে আদালতে তলব করেছে।
মামলার অগ্রগতি জানতে সম্প্রতি কুমিল্লার সংশ্লিষ্ট আদালত পিবিআইকে চিঠি পাঠায়। এ অনুযায়ী আজ তদন্ত কর্মকর্তা আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেবে।
তদন্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম বলেন, “আদালত মামলার অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছে। আজ আদালতে তদন্তের বিভিন্ন পর্যবেক্ষণ তুলে ধরা হবে। তবে এখনই চার্জশিট বা চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হচ্ছে না।”
দীর্ঘ ১০ বছরেও খুনিদের শনাক্ত না হওয়ায় তনুর বাবা ও মামলার বাদী ইয়ার হোসেন গভীর হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, “মেয়ের হত্যার ১০ বছর পার হয়ে গেছে। অসংখ্যবার সাক্ষ্য দিয়েছি, তবুও কোনো ফল পাইনি। মরার আগে নতুন সরকারের কাছে মেয়ে হত্যার বিচার দেখে যেতে চাই।”
তনুর বাবা জানান, আদালত তদন্ত কর্মকর্তাকে তলব করায় আজ তিনি নিজে আদালতে উপস্থিত থাকবেন।
২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাস এলাকায় টিউশনি করতে গিয়েছিলেন ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী তনু। পরদিন সেনানিবাসের পাওয়ার হাউস সংলগ্ন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করা হয়।
শুরুতে থানা-পুলিশ তদন্ত করলেও পরে মামলাটি ডিবি ও সিআইডি-তে যায়। কোনো সংস্থা দৃশ্যমান অগ্রগতি না করতে পারায় ২০২০ সালের ২১ অক্টোবর মামলাটি পিবিআইতে হস্তান্তর করা হয়। বর্তমানে এটি ষষ্ঠ তদন্ত কর্মকর্তার তত্ত্বাবধানে আছে। গত বছরের ৭ এপ্রিল সর্বশেষ ঘটনাস্থল পরিদর্শন ও বাদীর বক্তব্য গ্রহণ করা হয়।
দীর্ঘদিন ধরে স্থবির থাকা এই মামলায় তদন্ত কর্মকর্তাকে আদালতে তলব করা হয়েছে, যা তনুর পরিবার ও সাধারণ মানুষের মনে পুনরায় আশা জাগিয়েছে। এখন সবার দৃষ্টি আদালতের পরবর্তী নির্দেশনার দিকে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।