নিহতদের প্রতি পরিবারকে ১ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে সরকারকে লিগ্যাল নোটিশ

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ০৬:৫৪

ছবি: সংগৃহীত

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে প্রাণহানির ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে নিহত প্রত্যেকের পরিবারকে ন্যূনতম ১ কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদান এবং আহতদের উন্নত চিকিৎসা ও পুনর্বাসনের দাবি জানানো হয়েছে।

বুধবার সুপ্রিম কোর্টের তিন আইনজীবী অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ, ব্যারিস্টার রাফি জি রহমান ও অ্যাডভোকেট জায়েদ বিন নাসের যৌথভাবে জনস্বার্থে এ নোটিশ পাঠান।

নোটিশে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, নৌপরিবহনমন্ত্রী, সেতু বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী, সেতু বিভাগের সচিব এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবকে বিবাদী করা হয়েছে।

আইনজীবীরা উল্লেখ করেন, ঘটনাটি আপাতদৃষ্টিতে দুর্ঘটনা মনে হলেও ফেরিঘাট ব্যবস্থাপনা, পরিবহন কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট দায়িত্বশীলদের অবহেলা ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা জরুরি। পাশাপাশি আহতদের তাৎক্ষণিক চিকিৎসা নিশ্চিত করা এবং কর্মক্ষমতা হারানোদের যথাযথ পুনর্বাসন রাষ্ট্রের দায়িত্ব বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আহ্বান জানানো হয়েছে। অন্যথায় জনস্বার্থে উচ্চ আদালতে রিটসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এছাড়া দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন প্রকাশ এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

উল্লেখ্য, বুধবার বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ঘাটে ‘সৌহার্দ্য’ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। এ মর্মান্তিক ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

নোটিশ বিষয়ে জানতে চাইলে অ্যাডভোকেট নেওয়াজুল আসিফ সাদ বলেন, জনস্বার্থে নোটিশটি পাঠানো হয়েছে। সময় স্বল্পতার কারণে ডাকযোগে পাঠানো সম্ভব না হওয়ায় আগে বৈদ্যুতিক বার্তার মাধ্যমে পাঠানো হয়েছে। পরবর্তী কর্মদিবসে দ্রুত ডাকযোগে সংশ্লিষ্ট দপ্তরে নোটিশ পাঠানো হবে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top