মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২

রাজধানীতে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা: কুড়াল হাতে যুবকসহ ২৯ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার । ঢাকা | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫১

ছবি: সংগৃহীত

রাজধানীর প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় কুড়াল হাতে উল্লাস করা যুবকসহ আরও ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুই দিনে গ্রেপ্তারের সংখ্যা এখন ২৯ জনে পৌঁছেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এ তথ্য জানান।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে প্রথম আলো কার্যালয়ে হামলার সময় কুড়াল হাতে উল্লাসরত যুবকের নাম মোহাম্মদ মাইনুল ইসলাম। তাকে ঢাকার উত্তরা থেকে ডিবি গ্রেপ্তার করেছে। মাইনুলের গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারা উপজেলায়, বর্তমানে তিনি উত্তরা এলাকায় বসবাস করেন।

একইভাবে প্রথম আলো ও ডেইলি স্টার ‘গুঁড়িয়ে দেওয়া হয়েছে’ বলে উসকানিমূলক বক্তব্য দেয়ার ভিডিওতে দেখা কারি মুয়াজ বিন আবদুল রহমানকেও ডিবি গ্রেপ্তার করেছে। তিনি যুব মজলিসের শরীয়তপুর জেলা শাখার নেতা।

তাছাড়া, হামলার ছবি ফেসবুকে শেয়ার করে অন্যদের হামলায় যোগ দিতে আহ্বান জানানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন নিয়াজ মাহমুদ ফারহান। তার বাড়ি ভোলার বোরহানউদ্দিন উপজেলায়।

গ্রেপ্তার হওয়া অন্যান্যরা হলেন: আবদুর রহমান (নোয়াখালী), মো. জান্নাতুল নাঈম (রংপুর), মো. ফয়সাল আহমেদ (চাঁদপুর), জুবায়ের হোসাইন (নোয়াখালী), মো. আলমাস আলী (ময়মনসিংহ), জুলফিকার আলী ওরফে সৌরভ (ঢাকা শাহ আলী) এবং মো. জাকির হোসেন শান্ত (ময়মনসিংহ)।

জাকির হোসেন শান্তকে সিটিটিসি গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, তিনি হামলার সময় উপস্থিত থেকে লাইভ ভিডিও করে নিজের ফেসবুক আইডিতে প্রচার করেছিলেন।

পুলিশ সূত্র জানায়, ভিডিও ফুটেজ ও ছবি বিশ্লেষণ করে হামলায় জড়িত শতাধিক ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ২৯ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আরও অন্তত ২০ জনকে হামলার উসকানিদাতা হিসেবে চিহ্নিত করা হয়েছে। ডেইলি স্টার কার্যালয়ের সামনে ইংরেজি দৈনিক নিউ এজ-এর সম্পাদক নূরুল কবীরকে হেনস্তার ঘটনায় জড়িতদেরও শনাক্ত করা হয়েছে।

হামলাকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমের উসকানির মাধ্যমে পরিকল্পিতভাবে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা চালায়, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিসের গাড়িতেও বাধা দেয় তারা। একই রাতে ছায়ানট ভবন এবং পরদিন উদীচী কার্যালয়েও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

হামলার ঘটনায় প্রথম আলো শুক্রবার রাত এবং ডেইলি স্টার সোমবার সন্ধ্যায় তেজগাঁও থানায় পৃথক মামলা করেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top