প্রধানমন্ত্রী না থাকলে আমরা সংসদে বক্তা খুঁজে পাই না: চিফ হুইপ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ২০:৫৫
জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত না থাকলে সংসদ সদস্যদের বক্তব্য দেওয়ার আগ্রহ কমে যায় বলে জানিয়েছেন চিফ হুইপ নূরুল ইসলাম মণি।
সোমবার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত সংসদ অধিবেশনে স্পিকার ও চিফ হুইপের আলোচনায় বিষয়টি সামনে আসে।
অধিবেশন চলাকালে নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের নাম বক্তব্যের জন্য ঘোষণা করা হলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এতে স্পিকার চিফ হুইপের কাছে জানতে চান, তালিকায় নাম থাকা সত্ত্বেও কেন সদস্যদের বক্তব্য পাওয়া যাচ্ছে না।
জবাবে চিফ হুইপ বলেন, তালিকাভুক্ত সদস্যদের সঙ্গে আগেই কথা বলা হয়েছে। তবে প্রধানমন্ত্রী সংসদে উপস্থিত না থাকায় অনেকেই বক্তব্য দিতে আগ্রহ দেখাচ্ছেন না। তিনি বলেন, প্রধানমন্ত্রী সংসদের প্রাণ, তিনি থাকলে সদস্যরা বক্তব্য দিতে আগ্রহী হন, কিন্তু তিনি না থাকলে অনেক সময় বক্তা পাওয়া যায় না।
এ সময় লুৎফুজ্জামান বাবর দাঁড়িয়ে জানান, এ বিষয়ে তার সঙ্গে কোনো আলোচনা হয়নি। পরে স্পিকার তাকে বসতে বলেন এবং পরবর্তীতে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার আশ্বাস দেন।
এদিকে অধিবেশনে সামনের সারিতে মন্ত্রীদের উপস্থিতি কম থাকায় স্পিকার অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, সদস্যদের এলাকার সমস্যা নিয়ে আলোচনা শোনার জন্য মন্ত্রীদের উপস্থিতি জরুরি।
জবাবে চিফ হুইপ জানান, কয়েকজন মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রীয় সফরে রয়েছেন। তবে উল্লেখযোগ্যসংখ্যক মন্ত্রী ও প্রতিমন্ত্রী সংসদে উপস্থিত থেকে কার্যক্রম পর্যবেক্ষণ করছেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।