রবিবার, ৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২

শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেলেন খালেদা জিয়া, গ্রহণ করলেন জাইমা রহমান

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ মার্চ ২০২৬, ১২:৫৪

ছবি: সংগৃহীত

গণতন্ত্রের অগ্রযাত্রায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন নাতনি জাইমা রহমান।

রোববার দুপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ‘অদম্য নারী পুরস্কার ২০২৬’ প্রদান করা হয়।

অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

অন্যান্য বছরের মতো এবারও বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য কয়েকজন নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে। এর মধ্যে গণতন্ত্রের অগ্রযাত্রায় অবদানের জন্য সম্মাননা পান বেগম খালেদা জিয়া। অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্যের জন্য নুরুন নাহার আক্তার, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে কৃতিত্বের জন্য মোছা. ববিতা খাতুন, সফল জননী হিসেবে নুরবানু কবীর, নির্যাতনের দুঃস্বপ্ন কাটিয়ে জীবনসংগ্রামে জয়ী হিসেবে মোছা. শমলা বেগম এবং সমাজ উন্নয়নে অবদানের জন্য মোছা. আফরোজা ইয়াসমিন সম্মাননা লাভ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, শত অত্যাচার ও প্রতিকূলতার মধ্যেও বেগম খালেদা জিয়া সবসময় অদম্য ও অবিচল ছিলেন।

তিনি আরও বলেন, নারীদের সাহস, প্রজ্ঞা ও নেতৃত্ব সমাজকে এগিয়ে নিয়ে যাবে। সমতা, মর্যাদা ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে সব ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার নিশ্চিত করতে হবে। নারীরা এগিয়ে গেলে জাতিও এগিয়ে যায়।

ডা. জুবাইদা রহমান বলেন, বাংলাদেশ এমন একটি দেশ হবে যেখানে সব নারী নিরাপদে বসবাস করতে পারবেন। নারী দিবস হোক সাম্য, ন্যায্যতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকারের দিন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top