দেশে সব ধরনের টিকা পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, দেশে টিকার কোনো সংকট নেই। বর্তমানে অন্তত ছয় মাসের জন্য প্রয়োজনীয় টিকার মজুত রয়েছে এবং আরও সরবরাহ নিয়মিতভাবে আসছে। ফলে আগামী ছয় মাস পর্যন্ত টিকা কার্যক্রম স্বাভাবিকভাবে চালানো সম্ভব হবে।
সম্প্রতি হামের সংক্রমণ বৃদ্ধি পেলেও টিকার পর্যাপ্ত মজুত থাকায় জনগণকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিনি।
বুধবার রাজধানীর শাহবাগে বাংলাদেশ–চীন যৌথ সার্জিক্যাল ক্লিনিক চালুর লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে চীনের কুনমিং মেডিক্যাল বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মধ্যে এই সমঝোতা স্বাক্ষরিত হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে চীন দীর্ঘদিন ধরে সহযোগিতা করে আসছে। দুই দেশের দীর্ঘস্থায়ী ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণেই এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হচ্ছে।
তিনি আরও বলেন, করোনাকালীন সময়েও চীন বাংলাদেশের পাশে ছিল এবং বিভিন্ন সহায়তা দিয়েছে।
দেশের স্বাস্থ্যখাতে জনবল সংকট নিরসনে শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি। পাশাপাশি উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে দশজন করে সশস্ত্র আনসার সদস্য নিয়োগের পরিকল্পনার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।