বাংলাদেশিদের জন্য নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র দূতাবাস
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ১৭:২৩
ঢাকায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা ব্যবহারের বিষয়ে নতুন সতর্কবার্তা দিয়েছে। দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় পর্যাপ্ত আর্থিক সক্ষমতা না থাকলে বা সরকারি সুবিধার অপব্যবহার করলে নন-ইমিগ্র্যান্ট ভিসা বাতিল হতে পারে। এমনকি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রেও স্থায়ীভাবে অযোগ্য হয়ে পড়ার ঝুঁকি রয়েছে।
শনিবার (১৪ মার্চ) প্রকাশিত এক ভ্রমণসংক্রান্ত বার্তায় এ নির্দেশনা জানানো হয়। এতে বলা হয়, কোনো বিদেশি দর্শনার্থী যদি যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত জনকল্যাণমূলক সুবিধার ওপর নির্ভরশীল হয়ে পড়েন বা সেগুলোর অপব্যবহার করেন, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
দূতাবাসের মতে, এই নিয়ম পর্যটন, ব্যবসা, শিক্ষার্থী, সাংবাদিকতা ও ট্রানজিটসহ সব ধরনের নন-ইমিগ্র্যান্ট ভিসাধারীদের জন্য প্রযোজ্য। তাই যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে ভ্রমণকালীন সব খরচ বহনের মতো আর্থিক প্রস্তুতি রয়েছে কিনা তা নিশ্চিত করতে বলা হয়েছে।
বিশেষ করে চিকিৎসাজনিত জরুরি পরিস্থিতি বা অনাকাঙ্ক্ষিত ঘটনার সময় যদি কেউ করদাতাদের অর্থে পরিচালিত চিকিৎসা বা অন্যান্য সুবিধা গ্রহণ করেন, তাহলে তার ভিসা তাৎক্ষণিকভাবে বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে দূতাবাস।
দূতাবাস কর্মকর্তারা জানান, ভিসা আবেদন করার সময়ই আবেদনকারীদের আর্থিক সামর্থ্যের প্রমাণ দিতে হয়। কিন্তু অনেক ক্ষেত্রে ভ্রমণকারীরা যুক্তরাষ্ট্রে গিয়ে স্থানীয় সরকারি সহায়তা বা বিনামূল্যের সেবার ওপর নির্ভরশীল হয়ে পড়েন। এ ধরনের অনিয়ম ঠেকাতে এখন আরও কঠোর অবস্থান নেওয়া হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।