বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

দেশে প্রথমবার ‘ক্রীড়া কার্ড’ চালু করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ১৩:১১

সংগৃহীত

দেশে প্রথমবারের মতো ক্রীড়াবিদদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি উদ্যোগে চালু হলো ‘ক্রীড়া কার্ড’ ব্যবস্থা। এর আওতায় জাতীয় পর্যায়ের খেলোয়াড়দের নিয়মিত ভাতা দেওয়া হবে।

সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টায় তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়া কার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রধানমন্ত্রীর প্রেস বাটনে ল্যাপটপে ক্লিক করার সঙ্গে সঙ্গেই সোনালী ব্যাংকের অনলাইন সিস্টেমের মাধ্যমে ১২৯ জন ক্রীড়াবিদের মোবাইলে এক লাখ টাকা পৌঁছে যায়।

উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম স্বাগত বক্তব্য রাখেন। এরপর দেশীয় ক্রীড়াঙ্গন ও খেলার ইতিহাস তুলে ধরা হয় একটি ভিডিও ডকুমেন্টারিতে, যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকোর অবদান তুলে ধরা হয়।

২০ ডিসিপ্লিনের মধ্যে সাফ ফুটসালজয়ী নারী দল, কাবাডি, ভলিবলসহ মোট ১২৯ জন ক্রীড়াবিদ এই কর্মসূচির আওতায় সম্মাননা পেয়েছেন। সরকারি বেতন কাঠামোর আওতায় আনা হওয়ায় খেলোয়াড়দের জীবনমান উন্নয়ন, নতুন খেলার মাঠ তৈরি এবং মেধাবী খেলোয়াড়দের তৃণমূল থেকে তুলে আনা সহজ হবে। তবে ক্রিকেট বোর্ড স্বনির্ভর হওয়ায় ক্রিকেটাররা এই তালিকার বাইরে থাকবেন।

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, বেতনের আওতায় থাকা খেলোয়াড়দের প্রতি চার মাস পরপর পারফরম্যান্স মূল্যায়ন করা হবে। পারফরম্যান্স বজায় রাখলে সুবিধা চলবে, ঘাটতি দেখা দিলে তালিকা থেকে বাদ পড়বেন। এপ্রিল থেকে পর্যায়ক্রমে আরও ৫০০ জন ক্রীড়াবিদকে বেতন কাঠামোর আওতায় আনা হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিত্ব।

এই উদ্যোগের ফলে দেশের ক্রীড়াঙ্গনে নতুন যুগের সূচনা হলো, যেখানে খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের পেশাদার উন্নয়নও নিশ্চিত হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top