প্রধানমন্ত্রী ও ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬, ১২:৩৮
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে। সোমবার (৬ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।
সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, বৈঠকে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও জোরদার করা, পারস্পরিক স্বার্থ রক্ষা এবং জ্বালানি খাতে সহযোগিতা—বিশেষ করে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি—নিয়ে আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান নেতৃত্বের অধীনে ভারতের সঙ্গে ইতিবাচক সম্পর্ক বজায় রেখে দুই দেশের জনগণের মধ্যে সংযোগ শক্তিশালী করাই সরকারের লক্ষ্য। তাঁর মতে, বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক থাকলে বিভিন্ন সমস্যার কার্যকর সমাধান সম্ভব।
অন্যদিকে, ভারতীয় হাইকমিশন তাদের এক বার্তায় জানায়, বৈঠকে দুই দেশের জাতীয় উন্নয়ন অগ্রাধিকারকে সামনে রেখে জনগণকেন্দ্রিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি পারস্পরিক স্বার্থ ও কল্যাণের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ও দীর্ঘমেয়াদি সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ভারত।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।