অন্তর্বর্তী সরকারের সংস্কারমূলক আইনগুলোর প্রয়োজনীয়তা সবাই উপলব্ধি করতে শুরু করছে:আসিফ নজরুল
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৬, ১৩:৫৫
অন্তর্বর্তী সরকারের সময় প্রণীত সংস্কারমূলক আইনগুলো নিয়ে একসময় নানা সমালোচনা হলেও এখন সেগুলোর প্রয়োজনীয়তা সবাই উপলব্ধি করছে বলে মন্তব্য করেছেন সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, তখন অনেকেই এসব উদ্যোগকে গুরুত্ব দেননি, বরং ‘অধ্যাদেশের সরকার’ বলে ব্যঙ্গ করেছিলেন। কিন্তু বর্তমানে সেই আইনগুলো রাখার দাবিতে দেশব্যাপী জনমত তৈরি হচ্ছে।
তিনি উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকারের সময় মানবাধিকার কমিশন, গুম সংক্রান্ত আইন, সুপ্রিম কোর্ট সচিবালয় আইন, উচ্চ আদালতে বিচারক নিয়োগ এবং দুদক আইনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কারমূলক আইন প্রণয়ন করা হয়েছিল। এগুলোই প্রকৃত সংস্কার বলে সে সময় দাবি করা হয়েছিল।
আসিফ নজরুল বলেন, এসব আইন প্রণয়নে আইন মন্ত্রণালয়ের একটি দক্ষ টিম দিনরাত কাজ করেছে। গবেষণা, আলোচনা, পরামর্শ গ্রহণ এবং বারবার খসড়া সংশোধনের মাধ্যমে আইনগুলো চূড়ান্ত করা হয়। এমনকি সুপ্রিম কোর্ট সচিবালয় আইন বাস্তবায়নের জন্য তাকে পদত্যাগের হুমকিও দিতে হয়েছিল বলে জানান তিনি।
তিনি আরও বলেন, এসব আইন বাস্তবায়নের পথে সরকারের ভেতরেও নানা বাধার সম্মুখীন হতে হয়েছে। তবে এত পরিশ্রম বৃথা যাবে না বলেই তার বিশ্বাস।
তার মতে, এখন পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, এসব আইন থেকে পিছিয়ে আসা কারও পক্ষেই সহজ হবে না। মানুষ এখন বুঝতে পারছে—এসবই প্রকৃত সংস্কার এবং এগুলো বহাল রাখা প্রয়োজন।
এছাড়া রাজস্ব, আর্থিক ব্যবস্থাপনা, তথ্যপ্রযুক্তি ও পরিবেশ খাতেও অন্তর্বর্তী সরকারের সময়ে ইতিবাচক কিছু অধ্যাদেশ জারি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এসব আইন টিকিয়ে রাখতে সবাই সচেতন থাকবে বলেও আশা প্রকাশ করেন আসিফ নজরুল।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।