বুধবার, ৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

নোট অব ডিসেন্ট নিয়ে বিএনপি খোঁড়া যুক্তি দিচ্ছে: সুজন সম্পাদক বদিউল

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬, ১৯:৩৪

ছবি: সংগৃহীত

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, জুলাই মাসে জাতীয় সনদ নিয়ে যে গণভোট হয়েছে, তা জনগণ স্পষ্টভাবে অনুমোদন করেছে। বিএনপি নোট অব ডিসেন্ট নিয়ে খোঁড়া যুক্তি দিচ্ছে, যা তিনি গ্রহণযোগ্য মনে করেন না।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া অডিটোরিয়ামে ‘অধ্যাদেশ বাতিল এবং গণভোট অস্বীকারের রাজনীতি: সংসদীয় স্বৈরতন্ত্রের যুগে বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব মন্তব্য করেন।

ড. বদিউল বলেন, “কিছু যুক্তি দেওয়া হচ্ছে যা সংবিধানে নেই। কিন্তু ১৯৯০ সালের দিকে নজর দিলে দেখা যাবে, বিচারপতি শাহাবুদ্দিন সাহেব তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়েছেন যা সংবিধানে স্পষ্ট ছিল না। সেই সময়ও জনগণের কল্যাণে প্রধান প্রধান দলগুলো ঐক্যমত সৃষ্টি করেছিল। তখনও রূপরেখা স্বাক্ষরিত হয়নি, তবু তা বাস্তবায়িত হয়েছে।”

তিনি আরও বলেন, বিএনপির একটি যুক্তি হলো ‘নোট অব ডিসেন্ট’। নোট অব ডিসেন্ট হলো সংখ্যালঘু দলের মতামত। ১৪ জনের সংসদীয় কমিটিতে ১১ জন সরকারদলীয় এবং ৩ জন বিরোধীদলীয়। ঐক্যমত কমিশনের মেজরিটি ভিউ গ্রহণযোগ্য হয়েছে, সেটি নিয়েই গণভোট হয়েছে এবং জনগণ অনুমোদন করেছে। তাই খোঁড়া যুক্তি বোধগম্য নয়।

ড. বদিউল আলম মজুমদার শেষপর্যন্ত বলেন, “আমাদের আবারও ঐক্য সৃষ্টি করতে হবে। ঐক্যের মাধ্যমেই আমরা সামনের দিকে এগোতে পারবো, ভালো অবস্থানের দিকে যেতে পারবো। তা না হলে পুনরায় সংকট তৈরি হবে, যার ভোগান্তি শুধু জনগণকেই নয়, ক্ষমতাসীন দলকেও সহ্য করতে হবে।”

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top