পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝবো ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ এপ্রিল ২০২৬, ১৬:৪৪
পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে তা নিয়ে সন্দেহ তৈরি হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, এ বিষয়ে কোনো ধরনের অজুহাত গ্রহণ করা হবে না। পরীক্ষার সময় বিদ্যুৎ বিভ্রাট দেখিয়ে সিসি ক্যামেরা বন্ধ থাকার কথা বলা হলে সেটিকে তিনি সন্দেহজনক হিসেবে দেখবেন। এ সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, এমন হলে বুঝতে হবে নিশ্চয়ই কোনো অনিয়ম বা ঘাপলা রয়েছে।
শনিবার (১১ এপ্রিল) রাজশাহীতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে রাজশাহী শিক্ষা বোর্ড এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রীও উপস্থিত ছিলেন।
শিক্ষামন্ত্রী আরও বলেন, প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর আইন প্রণয়ন করা হবে, যা শুধু শিক্ষার্থী নয়, সংশ্লিষ্ট সবার দায়বদ্ধতা নিশ্চিত করবে। ডিজিটাল পদ্ধতিতে কীভাবে প্রশ্ন ফাঁস হয়, তা সরকারের নজরদারিতে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি জানান, শূন্য শতাংশ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও বন্ধের পূর্বঘোষণা থাকলেও এবার মানবিক বিবেচনায় তা কার্যকর করা হচ্ছে না। তবে শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়নে কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে তিনি সতর্ক করেন।
বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে প্রচলিত পোষ্য কোটা নিয়ে সমালোচনা করে শিক্ষামন্ত্রী বলেন, ভর্তি হতে হলে যোগ্যতার ভিত্তিতে পরীক্ষার মাধ্যমেই আসতে হবে। বিশেষ সুবিধা বা কোটা ব্যবস্থার মাধ্যমে কাউকে সুযোগ দেওয়া উচিত নয়।
এছাড়া তিনি প্রস্তাব দেন, জেলা পর্যায়ের কর্মকর্তাদের সন্তানদের নিজ জেলার স্কুলে পড়াশোনা করানো গেলে সরকারি বিদ্যালয়ের মান উন্নয়নে ব্যক্তিগত দায়বদ্ধতা তৈরি হবে।
শিক্ষামন্ত্রী বলেন, মানবসম্পদকে দক্ষভাবে গড়ে তুলতে না পারলে তা দেশের জন্য বোঝা হয়ে দাঁড়াবে। তিনি শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
নকল চক্র ও অনিয়ম রোধে কঠোর নির্দেশ দিয়ে তিনি বলেন, কোনোভাবেই অনৈতিকভাবে পাসের সুযোগ দেওয়া হবে না। পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।