হজযাত্রীদের সেবা না করতে পারলে আমাদের পদত্যাগ করা উচিত: ধর্মমন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ১৬:১৭
হজযাত্রীদের সেবা নিশ্চিত করতে ব্যর্থ হলে দায়িত্বে থাকা ব্যক্তিদের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তিনি বলেন, সরকার হজযাত্রীদের সেবক হিসেবে কাজ করছে এবং তাদের সেবা নিশ্চিত করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
শুক্রবার সকালে আসন্ন হজযাত্রা উপলক্ষে রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন।
মন্ত্রী জানান, চলতি বছরের প্রথম হজ ফ্লাইট আগামী শনিবার রাত ১২টা ২০ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করবে। এ উপলক্ষে বৃহস্পতিবার থেকেই হজ ক্যাম্পে হজযাত্রীদের আগমন শুরু হয়েছে।
পরিদর্শনকালে তিনি হজ ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে খোঁজ নেন এবং ক্যাম্পের সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি তিনি হজযাত্রীদের সঙ্গে কথা বলে তাদের প্রস্তুতি, থাকা-খাওয়া এবং অন্যান্য সেবার বিষয়ে খোঁজখবর নেন।
তিনি ক্যাম্পে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী দলের সঙ্গে কথা বলে হজযাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার নির্দেশ দেন।
হজ ক্যাম্পে ছারপোকা ও মশার উপদ্রবের বিষয়ে ধর্মমন্ত্রী বলেন, এ সমস্যা দূর করতে যা যা করা প্রয়োজন, সরকার তা দ্রুতই ব্যবস্থা নেবে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।