অন্তর্বর্তী সরকারের ভুল নীতির কারণে হামের টিকাদান ব্যাহত হয়েছিল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ১৩:০২
হাম প্রতিরোধে টিকাদানই একমাত্র কার্যকর উপায় বলে জানিয়েছেন ড. এম এ মুহিত। তিনি বলেন, অতীতে ভুল নীতির কারণে টিকাদান কর্মসূচিতে ব্যাঘাত ঘটেছিল, যার প্রভাব এখনো দেখা যাচ্ছে।
সোমবার (২০ এপ্রিল) শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ২০২৬ সালের হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, ২০২০ সালের পর ২০২৫ সালে একটি জরুরি টিকাদান কর্মসূচি হওয়ার কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। সরকারের দায়িত্ব গ্রহণের পরপরই দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিলে দ্রুত চিকিৎসা ও প্রতিরোধে পদক্ষেপ নেওয়া হয়।
তিনি আরও বলেন, প্রথমে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে এবং পরে পাঁচটি মহানগরীতে টিকাদান কার্যক্রম সম্পন্ন করার পর আজ থেকে দেশব্যাপী এই কর্মসূচি শুরু হলো। এতে মোট ১ কোটি ৭৮ লাখ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. মো. নুরুল আমিন এবং শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানাসহ অন্যান্য স্বাস্থ্য কর্মকর্তারা।
সরকার আশা করছে, এই কর্মসূচির মাধ্যমে দেশে হাম ও রুবেলা রোগের সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।