প্রধানমন্ত্রী বগুড়া সিটি করপোরেশনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আজ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৯ এপ্রিল ২০২৬, ১১:১৭
দীর্ঘদিনের প্রতীক্ষার পর অবশেষে বগুড়া পৌরসভা আনুষ্ঠানিকভাবে সিটি করপোরেশনে উন্নীত হতে যাচ্ছে। আজ সোমবার (২০ এপ্রিল) প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় গিয়ে নতুন এই সিটি করপোরেশনের উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো সফরসূচি অনুযায়ী, বেলা ১১টায় তিনি বগুড়া সিটি করপোরেশনের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ উজ্জ্বল হোসেন।
ঐতিহাসিকভাবে বগুড়া পৌরসভা সর্বশেষ বড় পরিবর্তন হয় ২০০৬ সালে, যখন তৎকালীন সরকারের সময় ৪৮টি মৌজা অন্তর্ভুক্ত করে পৌরসভার আয়তন ৬৯.৫৬ বর্গকিলোমিটারে উন্নীত করা হয় এবং ওয়ার্ড সংখ্যা ১২ থেকে বাড়িয়ে ২১ করা হয়। তখন থেকেই বগুড়াকে সিটি করপোরেশনে রূপান্তরের আলোচনা শুরু হলেও তা বাস্তবায়িত হয়নি।
পরবর্তী সময়ে বিভিন্ন সরকারকে স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে একাধিকবার সিটি করপোরেশন ঘোষণার দাবি জানানো হলেও তা কার্যকর হয়নি।
সর্বশেষ অন্তর্বর্তী সরকারের সময় তৎকালীন জেলা প্রশাসক বগুড়াকে সিটি করপোরেশনে উন্নীত করার প্রস্তাব দেন। এরপর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে গণবিজ্ঞপ্তি জারি করে মতামত গ্রহণ ও আপত্তি নিষ্পত্তির প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
পরে প্রশাসনিক পুনর্বিন্যাস–সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় বগুড়া সিটি করপোরেশন গঠনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
স্থানীয় প্রশাসনের একাধিক সূত্র জানিয়েছে, নতুন এই ঘোষণার মাধ্যমে বগুড়ার নগর ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আসবে এবং নাগরিক সেবা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।
দীর্ঘ অপেক্ষার পর সিটি করপোরেশন মর্যাদা পাওয়ায় বগুড়াবাসীর মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।