সিটি কলেজে সংঘর্ষে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হওয়া শিবির নেতা বহিরাগত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ১৫:৩৯

সংগৃহীত

চট্টগ্রাম নগরের সিটি কলেজ সংলগ্ন এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় আশরাফুল ইসলাম নামে এক ছাত্রশিবির নেতার পায়ে ভয়াবহ আঘাতের ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তার জরুরি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষের একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে আশরাফুলের পায়ের নিচের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং গোড়ালি প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঘটনাটির কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা জনমনে আতঙ্ক সৃষ্টি করে।

তথ্য অনুযায়ী, আশরাফুল ইসলাম সিটি কলেজের শিক্ষার্থী নন। তিনি পাহারতলী থানার ১২ নম্বর উত্তর ওয়ার্ড ছাত্রশিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার গ্রামের বাড়ি কুমিল্লায় হলেও বর্তমানে তিনি চট্টগ্রামের সরাইপাড়া এলাকায় বসবাস করেন। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউসিটিসিতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।

প্রাথমিকভাবে জানা গেছে, তিনি বহিরাগত হিসেবে সংঘর্ষস্থলে উপস্থিত ছিলেন এবং সেখানেই হামলার শিকার হন। এ ঘটনায় বহিরাগতদের সম্পৃক্ততা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।

চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক জহিরুল আলম জয় জানান, আহত আশরাফুলের অবস্থা আশঙ্কাজনক ছিল এবং অস্ত্রোপচার শেষে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

উভয় পক্ষই একে অপরকে দায়ী করলেও আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top