সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে: প্রধানমন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২৬, ১৯:৫৩
জুলাই সনদ ও গণভোটের রায় নিয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, কিছু চক্র অপপ্রচার চালালেও জনগণকে এতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হচ্ছে। বর্তমান সরকার জুলাই সনদের প্রতিটি শর্ত সংসদে পাস করবে।
সোমবার (২৭ এপ্রিল) যশোরের ঈদগাহ ময়দানে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যশোরের উলাশী খালের পুনঃখনন এবং যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যার হাসপাতাল ভবনের নির্মাণকাজ উদ্বোধন উপলক্ষে আয়োজিত সফরের অংশ হিসেবে এ জনসভা অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের রায়ে বিএনপি যে সমর্থন পেয়েছে, তা মেনে নিতে না পেরে একটি পক্ষ অপপ্রচার চালাচ্ছে। তারা বিএনপিকে ‘স্বৈরাচার’ আখ্যা দিয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। তবে জনগণ বিএনপির সঙ্গে রয়েছে এবং কোনো অপপ্রচারে প্রভাবিত হবে না।
তিনি আরও বলেন, আন্দোলনের নামে দেশের শান্তিশৃঙ্খলা বিনষ্ট করার সুযোগ কাউকে দেওয়া হবে না। বিএনপি জনগণের দল এবং জনগণের প্রত্যাশা পূরণে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে।
প্রধানমন্ত্রী জানান, প্রায় দুই দশক আগে খালেদা জিয়া যশোর মেডিকেল কলেজ অনুমোদন দিয়েছিলেন। কিন্তু পরবর্তী সরকার সেই প্রকল্প এগিয়ে নেয়নি। শুধু এই প্রকল্প নয়, বিএনপি সরকারের অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ডও বাধাগ্রস্ত করা হয়েছিল। এখন সেই অসমাপ্ত কাজগুলো পুনরায় শুরু করা হয়েছে।
কৃষিখাতে সরকারের পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, কৃষকদের জন্য বিশেষ কার্ড চালু করা হয়েছে এবং ইতিমধ্যে কৃষিঋণ মওকুফ করা হয়েছে। পর্যায়ক্রমে প্রায় ১২ লাখ কৃষককে ঋণমুক্তির আওতায় আনা হবে।
নারীদের স্বাবলম্বী করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পরিবারভিত্তিক সহায়তা কার্ড বিতরণ শুরু হয়েছে, যা পর্যায়ক্রমে কোটি নারীর কাছে পৌঁছাবে। পাশাপাশি নারীদের জন্য বিশেষ জ্বালানি সহায়তা কার্ড দেওয়া হবে। মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত অবৈতনিক করার পরিকল্পনা রয়েছে এবং মেধাবীদের উপবৃত্তি দেওয়া হবে।
কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, বন্ধ শিল্পকারখানাগুলো চালু করা হবে এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো হবে। এছাড়া আগামী ২ মে থেকে পেশাদার খেলোয়াড় তৈরির কর্মসূচি শুরু হবে এবং ৫০০ খেলোয়াড়কে সম্মাননা দেওয়া হবে।
দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, জনগণের ঐক্য থাকলে দেশ এগিয়ে যাবে।
জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ অন্যান্য নেতারা।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।