চাঁদপুর ও ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৬ মে ২০২৬, ১৪:৩৪
আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান । বুধবার (৬ মে) প্রধানমন্ত্রীর সঙ্গে এক বৈঠক শেষে এ তথ্য জানান পানিসম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
সফরকালে তিনি বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নেবেন এবং সরকারের অন্যতম অগ্রাধিকার প্রকল্প ‘খাল খনন কর্মসূচি’র আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানা গেছে।
মন্ত্রী জানান, দেশজুড়ে পানি ব্যবস্থাপনা ও নদী-খাল পুনরুদ্ধারে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ চলছে। এর মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জলাবদ্ধতা ও বন্যা নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখার আশা করা হচ্ছে।
এছাড়া দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে গুরুত্বপূর্ণ পদ্মা ব্যারেজ প্রকল্প নিয়েও দ্রুত সিদ্ধান্ত আসছে বলে জানান তিনি। প্রকল্পটি শিগগিরই একনেক সভায় উপস্থাপন করা হতে পারে।
বৈঠকে আরও আলোচনায় উঠে আসে তিস্তা মহাপরিকল্পনা। মন্ত্রী বলেন, আগামী ১৮০ দিনের মধ্যে এই প্রকল্পের গুরুত্বপূর্ণ কাজগুলো বাস্তবায়নের জন্য একটি নির্দিষ্ট কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে।
সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এসব উদ্যোগ দেশের পানি সম্পদ ব্যবস্থাপনা উন্নয়ন, কৃষি সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।