লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দিপালীর মরদেহ ঢাকায় পৌঁছেছে
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৮ মে ২০২৬, ১০:০৪
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী দিপালী আক্তারের মরদেহ দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহবাহী বিমান অবতরণ করে।
বিমানবন্দরে সরকারের পক্ষ থেকে মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। পরে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, কোনো কিছুর বিনিময়েই দিপালীকে আর ফিরিয়ে আনা সম্ভব নয়। মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও জানান তিনি।
দিপালীর আত্মার মাগফেরাত কামনা করে শামা ওবায়েদ বলেন, এই রেমিট্যান্স যোদ্ধার পরিবারের পাশে সরকার সবসময় থাকবে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়া হবে।
মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে বাংলাদেশিদের হতাহতের তথ্য তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সংঘাতের পর এখন পর্যন্ত আটজন বাংলাদেশি নিহত হয়েছেন। এর মধ্যে দিপালীসহ ছয়জনের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। একজনকে সৌদি আরবে দাফন করা হয়েছে এবং ইরাকে নিহত আরেক বাংলাদেশির মরদেহ এখনো দেশে আনা সম্ভব হয়নি।
মরদেহ ফিরিয়ে আনতে বিলম্বের কারণ হিসেবে তিনি বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে বিভিন্ন দেশের কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে সময় লাগছে। পার্শ্ববর্তী দেশগুলোর সহায়তায় সরকার এ বিষয়ে কাজ চালিয়ে যাচ্ছে।
গত ৮ এপ্রিল লেবাননের বৈরুতের হামরা এলাকায় নিয়োগকর্তার পরিবারের সঙ্গে অবস্থানকালে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন দিপালী আক্তার। বৈরুতে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ওই হামলায় দিপালীর নিয়োগকর্তা ও তার পরিবারের কয়েকজন সদস্যও প্রাণ হারান।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।