প্রথম আলোর সম্পাদকসহ ৩ সাংবাদিকের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মামলা
সারাদেশ ডেস্ক | প্রকাশিত: ৮ মে ২০২৬, ১০:৫৪
দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে মানহানির মামলা করা হয়েছে। বুধবার হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন স্থানীয় বেসরকারি সংস্থা ‘পাশা’র নির্বাহী পরিচালক সৈয়দ হুমায়ুন কবির।
আদালতের বিচারক মোছা. তানজিনা তানিন মামলাটি গ্রহণ করে হবিগঞ্জ গোয়েন্দা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার অন্য আসামিরা হলেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রিয়াদুল করিম ও হবিগঞ্জ প্রতিনিধি হাফিজুর রহমান নিয়ন।
মামলার অভিযোগে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন স্থানীয় প্রশাসন ও গোয়েন্দা সংস্থার তদন্ত শেষে ‘পাশা’ সংস্থাকে ১০ হাজার ৫৫৯ জন নির্বাচন পর্যবেক্ষক নিয়োগের অনুমোদন দেয়। পরে ৫ ফেব্রুয়ারি প্রথম আলোতে “এক ব্যক্তিনির্ভর ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
বাদীপক্ষের দাবি, ওই প্রতিবেদনে সংস্থাটির বিরুদ্ধে তথ্যবিহীন ও মানহানিকর বক্তব্য তুলে ধরা হয়েছে। এতে দেশ-বিদেশের দাতা সংস্থা, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্টদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং সংস্থাটির দীর্ঘদিনের সুনাম ক্ষুণ্ন হয়েছে।
এছাড়া নির্বাচন কমিশন পর্যবেক্ষক নিয়োগ কার্যক্রম স্থগিত করায় আর্থিক ক্ষতির মুখেও পড়তে হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।
মামলায় আরও অভিযোগ করা হয়, প্রকাশিত প্রতিবেদন ও সম্পাদকীয়তে সংস্থাটিকে ‘নামসর্বস্ব’, ‘নিজস্ব প্রকল্পবিহীন’ এবং ‘টাকার বিনিময়ে পর্যবেক্ষক কার্ড বিক্রির অভিযোগ রয়েছে’ বলে উপস্থাপন করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। এমনকি সংস্থার প্রধান কার্যালয়ের ছবি সম্পাদনা করে প্রকাশ করা হয়েছে বলেও অভিযোগ তোলা হয়।
বাদীপক্ষের দাবি, এসব সংবাদের কারণে সংস্থাটির প্রায় ১০০ কোটি টাকার মানহানি হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের কাছে আইনি নোটিশ পাঠানো হলেও সন্তোষজনক জবাব না পাওয়ায় আদালতে মামলা করা হয়েছে।
মামলায় কয়েকজন স্থানীয় ব্যক্তি ও বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিকে সাক্ষী করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শহীদুল ইসলাম বলেন, আদালত মামলাটি গ্রহণ করে গোয়েন্দা পুলিশকে তদন্তের দায়িত্ব দিয়েছেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।