শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

রমজানের শিক্ষাঃ বদরের যুদ্ধ থেকে পাওয়া সাহস ও ঈমানের অনুপ্রেরণা

মোসাদ্দেক হোসেন | প্রকাশিত: ৭ মার্চ ২০২৬, ১১:৫৮

গ্রাফিক্স | নিউজফ্ল্যাশ সেভেন্টিওয়ান

রমজান মাস মুসলমানদের কাছে শুধু আত্মশুদ্ধি বা সংযমের মাসই নয়; ইসলামের ইতিহাসে এটি সাহস, ত্যাগ ও বিশ্বাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী। প্রায় চৌদ্দ শতাব্দী আগে এই মাসেই সংঘটিত হয়েছিল ইসলামের ইতিহাসের প্রথম বড় সামরিক সংঘর্ষ বদরের যুদ্ধ। যে যুদ্ধ মুসলমানদের জন্য শুধু একটি সামরিক বিজয় নয়, বরং বিশ্বাস, ধৈর্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থানের এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে।

ইতিহাসবিদদের বর্ণনা অনুযায়ী, হিজরি দ্বিতীয় সালের ১৭ রমজান, খ্রিস্টীয় ৬২৪ সালের ১৩ মার্চ বদর নামক মরুপ্রান্তরে এই যুদ্ধ সংঘটিত হয়। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর নেতৃত্বে মাত্র ৩১৩ জন মুসলিম যোদ্ধা মুখোমুখি হন মক্কার কুরাইশদের প্রায় এক হাজার সুসজ্জিত বাহিনীর। অস্ত্রশস্ত্র, সংখ্যাবল ও প্রস্তুতির দিক থেকে মুসলমানরা ছিল অনেক দুর্বল। তবুও অটল বিশ্বাস ও দৃঢ় নেতৃত্বে তারা এক ঐতিহাসিক বিজয় অর্জন করেন।

ইসলামের সূচনালগ্নে মক্কায় মুসলমানদের ওপর দীর্ঘদিন ধরে নির্যাতন ও সামাজিক বয়কট চলতে থাকে। অবশেষে ৬২২ খ্রিস্টাব্দে মহানবী (সা.) ও তাঁর অনুসারীরা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন। সেখানে তিনি একটি নতুন সমাজব্যবস্থা গড়ে তোলেন এবং বিভিন্ন গোত্র ও সম্প্রদায়ের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার জন্য ঐতিহাসিক ‘মদিনা সনদ’ প্রণয়ন করেন।

তবে মক্কার কুরাইশরা মুসলমানদের প্রতি শত্রুতা বন্ধ করেনি। তারা মক্কায় ফেলে আসা মুসলমানদের ঘরবাড়ি ও সম্পদ দখল করে নেয় এবং মদিনার ওপর আক্রমণের প্রস্তুতি নিতে থাকে।

এমন পরিস্থিতিতে মুসলমানরা খবর পান যে, কুরাইশ নেতা আবু সুফিয়ানের নেতৃত্বে একটি বাণিজ্য কাফেলা সিরিয়া থেকে বিপুল সম্পদ নিয়ে মক্কায় ফিরছে। সেই কাফেলা ছিল মূলত মুসলমানদের কাছ থেকে লুট করা সম্পদের একটি অংশ। এ কারণেই মুসলমানরা কাফেলাটি আটকানোর সিদ্ধান্ত নেন।

মুসলমানরা কাফেলা আটকানোর উদ্দেশ্যে রওনা হলেও পরিস্থিতি দ্রুত বদলে যায়। আবু সুফিয়ান বিপদের আভাস পেয়ে মক্কায় বার্তা পাঠালে কুরাইশরা প্রায় এক হাজার সৈন্যের বিশাল বাহিনী নিয়ে মুসলমানদের মোকাবিলায় বেরিয়ে পড়ে।

অন্যদিকে মুসলমানরা যুদ্ধের জন্য পূর্ণ প্রস্তুত ছিল না। তবুও মহানবী (সা.) সাহাবিদের সঙ্গে পরামর্শ করে আল্লাহর ওপর ভরসা রেখে যুদ্ধের জন্য প্রস্তুত হন।

ইতিহাসে উল্লেখ আছে, যুদ্ধের আগের রাতে বদর প্রান্তরে বৃষ্টি হয়, যা মুসলমানদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করে। পাশাপাশি মহানবী (সা.) কৌশলগতভাবে উঁচু স্থানে অবস্থান নেন এবং পানির উৎসগুলোর নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখেন। এতে কুরাইশ বাহিনী কৌশলগতভাবে দুর্বল অবস্থায় পড়ে।

তৎকালীন আরব রীতিনীতি অনুযায়ী যুদ্ধের আগে দ্বন্দ্বযুদ্ধ অনুষ্ঠিত হয়। এতে মুসলিম যোদ্ধারা সাহসিকতার সঙ্গে লড়াই করে বিজয় অর্জন করেন। পরে উভয় বাহিনীর মধ্যে মূল যুদ্ধ শুরু হয়।

সংখ্যায় অনেক কম হলেও মুসলমানরা দৃঢ় মনোবল নিয়ে যুদ্ধ চালিয়ে যান। ইসলামী বর্ণনায় বলা হয়, আল্লাহর সাহায্যে ফেরেশতাদের একটি বাহিনী মুসলমানদের সহায়তায় অবতীর্ণ হয়েছিল। শেষ পর্যন্ত কুরাইশ বাহিনী পরাজিত হয় এবং তাদের প্রধান নেতা আবু জাহেল নিহত হয়।

বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দেয়। এই বিজয়ের মাধ্যমে মুসলমানদের মনোবল অনেক বেড়ে যায় এবং মদিনায় প্রতিষ্ঠিত নতুন রাষ্ট্র আরও শক্ত ভিত্তি পায়।

ইতিহাসবিদদের মতে, এই যুদ্ধ প্রমাণ করে যে সংখ্যায় কম হলেও দৃঢ় বিশ্বাস, সঠিক নেতৃত্ব ও ন্যায়ের পক্ষে অবস্থান থাকলে বড় শক্তিকেও পরাজিত করা সম্ভব।

রমজান মাসে সংঘটিত এই ঐতিহাসিক ঘটনার শিক্ষা আজও মুসলমানদের অনুপ্রাণিত করে—অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় থাকা এবং বিশ্বাসের শক্তিতে অটল থাকা।

পবিত্র কোরআনে সূরা আল-আনফালে বলা হয়েছে,
“স্মরণ করো, যখন তোমরা তোমাদের প্রতিপালকের কাছে সাহায্য প্রার্থনা করেছিলে, তখন তিনি তা কবুল করেছিলেন এবং বলেছিলেন আমি তোমাদের সাহায্য করব এক হাজার ফেরেশতার মাধ্যমে, যারা ধারাবাহিকভাবে আসবে।”

লেখক:
মোসাদ্দেক হোসেন
শিক্ষার্থী, আইন বিভাগ
ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

[নিবন্ধ, সাক্ষাৎকার, প্রতিক্রিয়া প্রভৃতিতে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব।  নিউজফ্ল্যাশ ৭১  মুক্তমত নীতির সঙ্গে নিবন্ধ ও সাক্ষাৎকারে প্রকাশিত মত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে। প্রকাশিত লেখাটির ব্যাখ্যা বা বিশ্লেষণ, তথ্য-উপাত্ত, রাজনৈতিক, আইনগতসহ যাবতীয় বিষয়ের দায়ভার লেখকের, নিউজফ্ল্যাশ ৭১ কর্তৃপক্ষের নয়। ]



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top