মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি ২০২৬, ২১ মাঘ ১৪৩২

জামায়াতের নয়, আমরা ১৮ কোটি মানুষের বিজয় চাই: শফিকুর রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:৩৩

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা জামায়াতে ইসলামীর দলীয় সরকার কায়েম করতে চাই না। জামায়াতের বিজয়ও চাই না। আমরা চাই ১৮ কোটি মানুষের বিজয়, কারণ সেই বিজয় হলে তা আমাদের সবার। দল-গোষ্ঠী বা পরিবারতান্ত্রিক রাজনীতির বিজয় আমাদের কাছে কোনো গুরুত্ব রাখে না। এই ভোটে যারা পুরোনো রাস্তায় হাঁটতে চাইবে, তারা তাদের অন্ধকার গলিতে হাঁটুক। আমরা সদর রাস্তায় আলোকিত পথে এগোবো।”

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় নির্বাচনী জনসভায় যোগ দিয়ে কটিয়াদী সরকারি কলেজ মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমির আরও জানান, তার এক্স আইডি হ্যাক করা হয়েছিল এবং সেখান থেকে নোংরা বার্তা পাঠানো হয়েছিল। তিনি বলেন, “আমাদের সাইবার টিম দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং চিহ্নিত করেছে কে এটি করেছে। আশ্চর্যের বিষয়, সবকিছু স্পষ্ট হলেও একটি রাজনৈতিক দল এটি নিয়ে এখন ব্যবসা করছে।”

শফিকুর রহমান সভায় মায়ের প্রতি কৃতজ্ঞতার কথাও উল্লেখ করেন। তিনি বলেন, “মা-বোনদের প্রতি আমাদের ঋণ কখনও পরিশোধ করা সম্ভব নয়। কিন্তু আমরা কৃতজ্ঞচিত্তে তা পরিশোধের চেষ্টা করবো। জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্ছৃঙ্খল সন্ত্রাসীরা আমাদের মেয়েদের অপমান করেছিল, তখন দেশের মানুষ আগুনে জ্বলেছিল। মানুষ সবকিছু সহ্য করতে পারে, কিন্তু মায়ের অপমান কেউ সহ্য করতে পারে না।”

জামায়াত আমিরের আগমনকে ঘিরে জেলাজুড়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ জেলা শাখার আমির অধ্যাপক রমজান আলী।

জনসভায় ১১ দলীয় জোটের শরিক বিভিন্ন দলের জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। এছাড়া জেলার ছয়টি আসনের ১১ দলীয় জোটের প্রার্থীদের সবাইকে পরিচয় করিয়ে দিয়ে তাদের পক্ষে ভোট চাওয়া হয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top