সোমবার, ২ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২

মা-বোনদের ঘরে বন্দি করতে চায় একটি দল:তারেক রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২ ফেব্রুয়ারী ২০২৬, ১৯:৫৭

সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ৫ আগস্টের পর একটি দল মা-বোনদের তুচ্ছতাচ্ছিল্য করছে এবং তাদের ঘরে বন্দি করতে চাচ্ছে। তিনি বলেন, দেশকে গড়তে হলে নারী-পুরুষকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

তিনি এসব মন্তব্য করেন সোমবার যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে।

তারেক রহমান আরও বলেন, একটি দলের প্রধান বিদেশি মিডিয়ায় সাক্ষাৎকারে নারীদের সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন। তিনি অভিযোগ করেন, এমন দল ক্ষমতায় গেলে দেশের জন্য ভালো কিছু দিতে পারবে না। তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে মা-বোনদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে এবং নারীদের শিক্ষার সুযোগ বৃদ্ধি করা হবে।

বিএনপি চেয়ারম্যান বলেন, বিগত সরকারের মতো ভোট অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হলে জনগণকে তার বিরুদ্ধে প্রতিরোধ করতে হবে। তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি সরকার গঠন করলে ধর্ম নির্বিশেষে সকল ধর্মের মানুষের সঙ্গে নিয়ে দেশ গড়া হবে। এছাড়া যশোরের ফুল বিদেশে রপ্তানি করা হবে এবং এ অঞ্চলের চিনি শিল্পগুলো পুনরায় চালু করা হবে।

এই প্রথমবারের মতো যশোরে আসেন তারেক রহমান। সমাবেশকে ঘিরে শহরতলীর উপশহর ডিগ্রি কলেজের এলাকা মিছিলের নগরীতে পরিণত হয়। সকাল থেকেই রঙিন ব্যানার, ফেস্টুন ও পতাকা হাতে দলীয় নেতাকর্মীরা সমাবেশস্থলে প্রবেশ করতে থাকে। দুপুর সাড়ে ১২টার দিকে পুরো সমাবেশস্থল দর্শকের ভিড়ে পূর্ণ হয়ে যায়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top