কারো নামে মিথ্যা অপবাদ দিয়ে বদনাম করা বড় পাপ: মির্জা আব্বাস
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ মার্চ ২০২৬, ১৩:৪৪
কারও নামে মিথ্যা অপবাদ দিয়ে বদনাম করা বড় ধরনের পাপ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, এই পাপ থেকে সবাইকে দূরে থাকার পাশাপাশি অন্যদেরও দূরে রাখার চেষ্টা করা উচিত।
শুক্রবার বিকেলে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস স্কুল মাঠে রমনা থানা বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়।
মির্জা আব্বাস বলেন, বড়রা সবসময় শিক্ষা দেন- মিথ্যা বলা মহাপাপ। তাই মিথ্যা বলা থেকে বিরত থাকতে হবে।
তিনি আরও বলেন, তার এলাকায় নির্বাচনে ভোট কারচুপি না হলে প্রতিপক্ষ এত ভোট পেতে পারত না। ঢাকা-৮ আসনের একটি ওয়ার্ডের উদাহরণ দিয়ে তিনি দাবি করেন, সেখানে কারা কাকে ভোট দিয়েছে তা সহজেই জানা যায়।
তার ভাষ্য অনুযায়ী, রাতে কয়েকটি বিদ্যালয়ের ভোটকেন্দ্র পাহারা দিয়ে ভোট রক্ষা করা হয়েছিল। তা না হলে সব কেন্দ্র সিল মেরে নেওয়া হতো। অদ্ভুত কৌশলে নির্বাচন পরিচালনা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
নিজের এলাকায় পরাজয়ের ইতিহাস নেই উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, আওয়ামী লীগের আমলে সুষ্ঠু নির্বাচন হয়নি—এ কথা সবাই জানে। তিনি বলেন, কোথায় কত ভোট পেয়েছেন তা নিয়ে কারও মাথা ঘামানোর প্রয়োজন নেই। এলাকায় তার বন্ধু ও আত্মীয়স্বজন রয়েছে, তাই ভোটের অভাব নেই বলেও মন্তব্য করেন তিনি।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।