বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ১৪:৪৯
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা। সোমবার (২০ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মনোনয়ন পাওয়ার আগে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা বলেন, তিনি দলের জন্য কাজ করতে চান এবং রাজনীতিতে জনগণের পক্ষে কথা বলতে চান। পাশাপাশি একজন চিকিৎসক হিসেবে স্বাস্থ্যসেবা উন্নয়ন এবং নারী হিসেবে নারীর অধিকার ও অগ্রগতিতে ভূমিকা রাখতে আগ্রহী বলেও জানান তিনি।
পেশাগতভাবে চিকিৎসক হলেও তিনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে তিনি আলোচনায় আসেন। পরে শেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি শেরপুর-১ আসনে বিএনপির প্রার্থী ছিলেন, যেখানে তিনি জামায়াতে ইসলামীর প্রার্থীর কাছে পরাজিত হন।
দলীয় সূত্রে জানা গেছে, সংগঠনের প্রতি তার সক্রিয়তা ও নিষ্ঠার বিষয়টি বিবেচনায় নিয়েই তাকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।
১৯৯৩ সালের ২২ জুন জন্ম নেওয়া ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা শেরপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হযরত আলীর কন্যা।
দলীয় নেতাকর্মীরা মনে করছেন, এই মনোনয়ন শেরপুরে বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং নারীদের রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে সহায়ক হবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।