গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতার বিয়েতে ডিজেল উপহার
নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ১৩:০১
পটুয়াখালীর দুমকি উপজেলায় এক বিয়েকে ঘিরে তৈরি হয়েছে ভিন্নধর্মী আলোচনা। প্রচলিত উপহারের বাইরে গিয়ে বর-কনেকে দেওয়া হয়েছে ডিজেল, যা ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে শ্রীরামপুর ইউনিয়নে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা কৃষিবিদ মো. শহিদুল ইসলাম ফাহিমের বিয়ের অনুষ্ঠানে এই ব্যতিক্রমী আয়োজন দেখা যায়। অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা একটি পাত্রে ভরা ডিজেল প্রতীকীভাবে নবদম্পতির হাতে তুলে দেন।
বিয়ের এই দৃশ্যটি রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে জানা যায়, এটি কেবল ব্যতিক্রম দেখানোর জন্য নয়, বরং চলমান জ্বালানি সংকটের একটি প্রতীকী প্রতিবাদ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
অতিথিরা জানান, পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চলে সাম্প্রতিক সময়ে ডিজেলের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে কৃষি, মৎস্য ও পরিবহন খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক কৃষক সেচ দিতে পারছেন না, জেলেরা নদীতে যেতে পারছেন না, এমনকি সাধারণ মানুষও বাড়তি পরিবহন ব্যয়ের চাপে পড়ছেন।
তাদের ভাষ্য, বিয়ের মতো সামাজিক অনুষ্ঠানে এমন প্রতীকী উপহার দেওয়ার মাধ্যমে বাস্তব পরিস্থিতি সবার সামনে তুলে ধরাই ছিল মূল উদ্দেশ্য।
স্থানীয়দের মতে, এটি একদিকে যেমন অভিনব উদ্যোগ, তেমনি বর্তমান সংকটের একটি শক্ত বার্তাও বহন করছে। ঘটনাটি এলাকায় কৌতূহল ও আলোচনার সৃষ্টি করেছে, আর সামাজিক মাধ্যমে অনেকে একে সময়োপযোগী প্রতিবাদ হিসেবেও দেখছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।